৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল
২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তবে এবারই হতে যাচ্ছে? এমিরেটস স্টেডিয়ামে আজ রাতে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই আশার পালে নতুন করে হাওয়া দিল আর্সেনাল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আরতেতার দল।
ঘরের মাঠে আজ শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করলেও সান্ডারল্যান্ডের রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে গানারদের। বিরতির ঠিক আগ মুহূর্তে ডেডলক ভাঙেন মার্তিন জুবিনেন্দি। ডি-বক্সের বাইরে থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের নিখুঁত শট পোস্টের ভেতর দিকে লেগে জালে জড়ায়। ইংলিশ ফুটবলে নিজের অভিষেক মৌসুমে এটি জুবিমেন্দির ষষ্ঠ গোল।
দ্বিতীয়ার্ধে দৃশ্যপটে আসেন ভিক্টর ইয়োকেরেস। স্পোর্টিং লিসবন থেকে আর্সেনালে আসার পর থেকেই ফর্ম নিয়ে সমালোচনার মুখে ছিলেন এই সুইডিশ স্ট্রাইকার। তবে কাল জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। ৬৫ মিনিটে কাই হাভার্টজের পাস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োকেরেস। আর যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাসে ফাঁকা জালে বল পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১৩তম গোল।
এই হারে সান্ডারল্যান্ডের ইউরোপিয়ান ফুটবলে খেলার স্বপ্নে কিছুটা ধাক্কা লেগেছে। তবে প্রিমিয়ার লিগে ফেরার প্রথম মৌসুমেই অষ্টম স্থানে থাকা রেগিস ল্য ব্রিসের দল এমিরেটসে প্রথমার্ধে বেশ লড়াই করেছে।
সিটি যদি আগামীকাল অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে পারে, তবে ব্যবধান আবার ৬-এ নেমে আসবে। কিন্তু ২০০৩ সালের পর দর্শক উপস্থিতিতে অ্যানফিল্ডে সিটির জয়ের রেকর্ড নেই।