প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে সুবিধা করে দিয়ে ধুঁকতে থাকা টটেনহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। শিরোপার দৌড়ে থাকা অ্যাস্টন ভিলাও হেরেছে আজ। দিনের অন্য ম্যাচে বেঞ্জামিন সেসকোর শেষ মুহূর্তের গোলে ফুলহামের বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২৪ ম্যাচ শেষে আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ল সিটি। ভিলা পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। ২৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৩, সিটির ৪৭, ভিলার ৪৬।
টটেনহামের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল সিটি। রায়ান শেরকি ও সেমেনিওর গোলে মনে হচ্ছিল সিটির জয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দ্বিতীয়ার্ধে দান উল্টে দেন ডমিনিক সোলাঙ্কি। চোট কাটিয়ে ফেরা এই স্ট্রাইকার প্রথমে ব্যবধান কমানোর পর ম্যাচের শেষ দিকে এক অবিশ্বাস্য ‘স্করপিয়ন কিকে’ সমতা ফেরান। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল সিটি। ২০২৬ সালে লিগের ৬ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। ফলে ২২ বছর পর আর্সেনালের লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
ভিলার হার
শিরোপার দৌড়ে থাকা অ্যাস্টন ভিলার দিনটি ছিল হতাশার। নিজেদের মাঠে ১০ জনের ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
সেরা চারে ক্যারিকের ইউনাইটেড
ওল্ড ট্র্যাফোর্ডে মাইকেল ক্যারিকের অধীনে দিন বদলের গান গাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে তারা। কাসেমিরো ও মাতেউস কুনিয়ার গোলে ইউনাইটেড এগিয়ে থাকলেও শেষ দিকে লড়াইয়ে ফেরে ফুলহাম। তবে নাটকের তখনো বাকি ছিল। খেলা শেষ হওয়ার ঠিক আগে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন বেনইয়ামিন সেসকো।