মাঠের লড়াই শুরুর আগেই একরাশ বিষাদ ছুঁয়ে গেল বাংলাদেশ শিবিরকে। আগামীকাল সাফের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। রণকৌশল ঝালিয়ে নিতে আজ সকাল ৭টায় গোয়ার বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে অনুশীলনের সূচিও ছিল দলের। মারগাঁও থেকে ২৪ কিলোমিটার দূরের এই মাঠে সকাল সাড়ে ৬টাতেই হাজির হয়েছিলেন সাংবাদিকেরা।
কিন্তু তার আগেই ভোর ৫টায় বাংলাদেশ শিবিরে এসে পৌঁছেছে এক দুঃসংবাদ—গত দুবারের সাফজয়ী সেন্টারব্যাক শিউলি আজিমের মা বাসনা আজিম মাত্র ৪৫ বছর বয়সে কিডনি জটিলতায় মারা গেছেন। এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে পুরো দল। তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় আজকের মাঠের অনুশীলন।
একই ভেন্যুতে সকাল ৯টায় অনুশীলন করতে আসে নেপাল দল। মাঠে নেমেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেপালের কোচ নবীন নিউপানে। নেপাল জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার শুরুতেই শিউলি আজিমের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন। শোকের আবহ পেরিয়ে এরপরই কোচ কথা বলেন আগামীকালের বড় ম্যাচ এবং তাঁর দলের রণকৌশল নিয়ে।
গত দুটি সাফের ফাইনালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এবার কি তবে সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা? কিন্তু নেপাল কোচ এই তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলেন, প্রতিশোধে তিনি বিশ্বাস করেন না।
তাঁর কথায়, ‘ফুটবলে প্রতিশোধের কোনো ব্যাপার নেই। অবশ্যই আমরা দুবার ফাইনালে হেরেছি ওদের কাছে। তবে এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব খেলোয়াড় ফিট আছে, কোনো চোট নেই এবং এটা দলের জন্য ইতিবাচক। মেয়েরা অবশ্যই নিজেদের সেরাটা দেবে।’
ভারত ও বাংলাদেশের গত ম্যাচটা তাঁরা দেখেছেন। বাংলাদেশকে ভালো একটা চ্যালেঞ্জ দিতে নেপাল প্রস্তুত। কোচের কথায়, ‘আমাদের মূল লক্ষ্য সাফ শিরোপা জয় এবং সেদিকটায় বেশি মনোযোগ দিচ্ছি। আমরা ভালো খেলতে চেষ্টা করব এবং অবশ্যই একটা ভালো লড়াই হবে।’
নেপালের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড ও নিয়মিত অধিনায়ক সাবিত্রা ভান্ডারি গোয়ায় আসেননি। তিনি চোটের পুনর্বাসনে সংযুক্ত আরব আমিরাতে আছেন। সাবিত্রা নেপালের হয়ে ৬১ ম্যাচে করেছেন ৬৮ গোল। গত বছর নিউজিল্যান্ডের লিগে খেলা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি আক্রমণভাগকে কতটা দুর্বল করল? এমন প্রশ্নে কোচের অকপট স্বীকারোক্তি, তাঁরা সাবিত্রাকে অনেক মিস করবেন। সাবিত্রা দলের হৃৎপিণ্ডের মতো। এ অবস্থায় তাঁর পজিশনে কোচ নতুনদের সুযোগ দিচ্ছেন, যাতে নতুনরা নিজেদের মেলে ধরতে পারেন।
নতুনরা গত দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন। তবে কোচ সাফ বলে দেন, ‘এই সময় নেপাল দলের লক্ষ্য সাবিত্রা ভান্ডারির জন্য ট্রফি জয় করা। সাবিত্রা আমাদের সেরা খেলোয়াড় এবং গত দুটি ম্যাচে অনেক সুযোগ এলেও দল তা কাজে লাগাতে পারেনি, তবে তরুণেরা সেই সুযোগটা নেবে।’
এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ ভালো খেলেছে। কালকের ম্যাচে দুই-তিনটি সুযোগ যা–ই আসে, তা কাজে লাগাতে না পারলে সমস্যা হবে মনে করেন নেপাল কোচ। বাংলাদেশ গত দুটি ম্যাচে ভালো খেলেনি, তাহলে কি সেমিতে এগিয়ে নেপাল? এমন প্রশ্নে প্রতিপক্ষকে সমীহ নেপাল কোচের, ‘বাংলাদেশ ভালো এবং টাফ টিম। তারা এশিয়ান কাপে খেলেছে। দলটির মূল শক্তি হলো তাদের ভালো স্ট্রেংথ আছে এবং তারা ভালো ফাইটার।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের গত ম্যাচটি ভালো যায়নি, তবে সেটা ছিল গ্রুপ ম্যাচ। নেপাল কোচের মতে, নকআউট পুরোপুরি আলাদা ম্যাচ এবং নতুন দিন। নকআাউটে বাংলাদেশ আরও শক্তিশালীভাবে ফিরে আসবে। সব মিলিয়ে আগামীকালের ম্যাচটিকে ৫০-৫০ এবং কঠিন ম্যাচ হিসেবে দেখছেন তিনি। তাঁর পরিষ্কার কথা, সুযোগ যে কাজে লাগাবে, তারাই জিতবে।
২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেই নেপাল দলে খেলোয়াড় হিসেবে নবীন নিউপানের অভিষেক হয়েছিল। এবার কোচ হিসেবে সেই সাফের মঞ্চেই ইতিহাস গড়তে চান তিনি।