এই সময়ে বিশ্বকাপ খেলতে চাননি ফার্নান্দেজরা

ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের তপ্ত আবহাওয়ায় খেলা এড়াতে জুন-জুলাই থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে বছরের শেষ সময়ে। এই সময়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন অনেকে।

সমালোচকদের সঙ্গে এবার কণ্ঠ মিলিয়েছেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ বিশ্বকাপের প্রশ্ন তুলেছেন সূচি নিয়ে। রাখঢাক না রেখেই বলেছেন, বছরের এই সময়ে বিশ্বকাপ খেলতে চাননি তাঁরা।

আরও পড়ুন

নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের কারণে অন্যতম ভুক্তভোগী ফুটবলাররাই। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরের দিকে বেশির ভাগ দেশের ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়। এবারের বিশ্বকাপ বছরের শেষ দিকে হওয়ায় মৌসুমের মাঝেই খেলতে নামতে হচ্ছে তাঁদের। ফার্নান্দেজকে যেমন গতকাল রাতেও ফুলহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে হয়েছে।

আরও পড়ুন

ফুলহামের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ খেলা নিয়ে অস্বস্তির কথা জানান ফার্নান্দেজ, ‘সূচিটা অদ্ভুতুড়ে। এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। আমি তো মনে করি খেলোয়াড়, দর্শক কারও জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, মানুষ কাজের মধ্যে থাকবে। খেলা দেখার জন্য এটা ভালো সময় নয়।’

ফুলহামের মাঠে ফার্নান্দেজ গোল পাননি, তবে ইউনাইটেড জিতেছে
ছবি: এএফপি

২৮ বছর বয়সী ফার্নান্দেজ কাতারে নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাঁর মতে, বিশ্বকাপ হওয়া উচিত এমনভাবে, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত থাকে, ‘আমরা চাই ফুটবল সবার হোক। আর বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। দর্শক, খেলোয়াড় সবার জন্যই উৎসবের উপলক্ষ।’

কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে। ‘এইচ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

এর আগে শুক্রবার লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল।