মেসি ও বুসকেতস: একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড

মেসি ও বুসকেতস যখন মায়ামিতে খেলতেনএএফপি

বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন তাঁরা। এরপর জুটি বাঁধেন ইন্টার মায়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতেও একসঙ্গে দারুণ সাফল্য পেয়েছেন দুজন। বলা হচ্ছে, লিওনেল মেসি ও সের্হিও বুসকেতসের কথা। ২০২৫ সালে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ করে ফুটবলকে বিদায় বলেন বুসকেতস। কিন্তু যাওয়ার আগে মেসির সঙ্গে গড়ে যান অনবদ্য এক রেকর্ড।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেতস একসঙ্গে খেলেছেন ৬৫৩ ম্যাচ। এটি জুটি বেঁধে একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকেও এই রেকর্ড ভাঙবে না।

মেসি ও বুসকেতস ৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি খেলেছেন বার্সেলোনার জার্সিতে আর ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। তাঁদের রসায়নের শুরুটা ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। সেদিন বুসকেতসের অভিষেক ম্যাচে মাঠে ছিলেন মেসি ও জেরার্ড পিকে।

আরও পড়ুন

এই তালিকায় দ্বিতীয় স্থানের সঙ্গেও জড়িয়ে আছে বুসকেতসের নাম। যেখানে তিনি স্প্যানিশ সতীর্থ পিকের সঙ্গে খেলেছেন ৬২০ ম্যাচ। বার্সার হয়ে তাঁরা দুজন খেলেছেন ৫৩৩ ম্যাচ। আর স্পেন জাতীয় দলের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ৮৭ ম্যাচ।

বার্সেলোনায় সতীর্থ ছিলেন মেসি–বুসকেতস
এক্স

পেশাদার ফুটবলের ইতিহাসে ৬০০-এর বেশি ম্যাচ একসঙ্গে খেলেছেন, এমন জুটি খুবই বিরল। সম্প্রতি বায়ার্ন মিউনিখের দুই তারকা ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলারের এই তালিকায় জায়গা করে নেওয়ার কথা জানিয়েছে আইএফএফএইচএস। বায়ার্নের হয়ে একসঙ্গে ৬১১ ম্যাচ খেলেছেন তাঁরা।

এক ক্লাবে না খেললেও দুজনই এখনো ফুটবলে সক্রিয়। ভবিষ্যতে অন্য কোনো ক্লাবে আবার দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সেই সম্ভাবনা খুবই সামান্য। মেসি-বুসকেতসের রেকর্ড আপাতত লম্বা সময়ের জন্য অক্ষতই থাকছে বলে ধরে নেওয়া যায়।

আরও পড়ুন

উল্লেখ্য, এই হিসাবের ক্ষেত্রে শুধু শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ ধরা হয়েছে। দুজনই মাঠে নেমেছেন, এমন ম্যাচ গণনায় অন্তর্ভুক্ত হয়েছে।