চুক্তি ছিঁড়ে ফেলে বলতাম, গোল্লায় যান—আনচেলত্তির ওপর ক্ষোভ উগরে দিলেন রোমারিও
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিয়ে সমালোচনা কমছেই না। এবার তাঁকে ছাঁটাইয়ের দাবি তুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে আনচেলত্তির তীব্র সমালোচনাও করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচে আনচেলত্তির বেশ কিছু কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। কেন নেইমারকে শুরু থেকে খেলানো হলো না, কেন ব্রুনো গিমারাইসকে পেনাল্টি মারার দায়িত্ব দেওয়া হলো—এমন সব প্রশ্ন ম্যাচ শেষে আনচেলত্তির সামনে তোলা হয়েছিল। ব্রাজিল কোচ নিজের মতো ব্যাখ্যাও দিয়েছেন। তবে সেই ব্যাখ্যা হয়তো পছন্দ হয়নি ব্রাজিলের সাবেকদের।
রোমারিও কতটা ক্ষুব্ধ, সেটা তাঁর কথাতেই স্পষ্ট, ‘আমি হলে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। ম্যাচ শেষে আমি সভাপতি হিসেবে লকার রুমে যেতাম এবং বলতাম, “ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়, গোল্লায় যান। বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর আমরা দেখব কী হয়।”’
আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্ত নিয়ে রোমারিও বলেছেন, ‘সে কী ভাবছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো! আর এটা আপনি এ কারণে করলেন; কারণ, আপনি অন্য কোনো ফুলব্যাক দলে ডাকেননি? একজন ফুলব্যাক চোট পেল আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন?’
শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আনচেলত্তি আর কোচ থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন রোমারিও, ‘এই মহাবিপর্যয় এবং লজ্জাজনক পরিস্থিতির পর আনচেলত্তি কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকতে পারেন না। আমি আগের তিনটি শোতেও এটি বলেছি এবং এখানেও আবার বলছি।’
রোমারিও যোগ করেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতি বদলাতেই হবে। এভাবে চলতে পারে না! আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফেলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। আমাদের তিতে ছিল, সে হেরেছে, থেকে গেছে এবং আবারও হেরেছে। আর এখন আমাদের এই আনচেলত্তি আছে, যে হেরেছে এবং এখনো থেকে যাচ্ছে।’
নরওয়ের বিপক্ষে হারে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ে দলটির ভবিষ্যৎ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, রোমারিওর এ মন্তব্য তাতে নতুন করে ঘি ঢালল।