২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে নেমে ইউরোপকে ‘ঐক্যবদ্ধ’ করেছে ইউক্রেন

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ইউক্রেনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। তবে লড়াইটাকে তারা শুধু যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ রাখছে না। সাংস্কৃতিক এবং খেলার মাঠেও লড়াইয়ের চেতনাকে ছড়িয়ে দিতে চায় তারা। এর আগেও ফুটবল, টেনিসসহ বিভিন্ন খেলার মঞ্চে ইউক্রেনেয় খেলোয়াড়েরা যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন।

সেই ধারাবাহিকতায়ই দেশটি এবার ২০৩০ সালের বিশ্বকাপও আয়োজন করতে চায়। পর্তুগাল এবং স্পেনের সঙ্গে জোট বেঁধে বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে নেমেছে সংকটে থাকা পূর্ব ইউরোপের দেশটি।

দুই বছর আগে স্পেন ও পর্তুগাল বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তাব ঘোষণা করেছিল। এই দুটি দেশ এবার নিজেদের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও সঙ্গী করেছে। এর মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবল ‘ঐক্যবদ্ধ’ হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইউএএফ) সভাপতি আন্দ্রিই পাভেলকো।

তিনি বলেছেন, ‘ইউরোপীয় ফুটবল পরিবার অতীতে যেকোনো সময়ের চেয়ে বেশি ঐকব্যদ্ধ। তারা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংগঠনের মূল্যবোধের প্রতি নিজেদের যে অঙ্গীকার, তা–ও রক্ষা করেছে।’

এমন বিপর্যস্ত সময়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় ইউরোপীয় সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে পাভেলকো আরও বলেছেন, ‘বুচা, ইরপিন, খেরসন, খারকিভ, মারিউপোলসহ আর অনেক শহরের হাজারো ছেলে এবং মেয়ে বর্বর সামরিক আগ্রাসনের শিকার হয়েছে। আমি আপনাদের এবং বন্ধুত্বপূর্ণ জাতীয় সংস্থাগুলোকে আমাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ইউক্রেনের শামিল হওয়া নিয়ে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। টুইটে তিনি বলেছেন, ‘ইউক্রেন টিকে থাকবে, জয়ী হবে এবং পুনর্গঠিত হবে—এ জন্য সহযাত্রীদের ধন্যবাদ।’

ইউক্রেনের সাবেক ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কোর সঙ্গে পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানডফস্কি।
ছবি: টুইটার

এর আগে গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যে চারটি অঞ্চলকে রুশ ফেডারশনের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো হলো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া।

প্রতিক্রিয়া জানানোর সময় এসব অঞ্চলের শিশুদের অবস্থার কথাও তুলে ধরেছেন পাভেলকো, ‘এই শিশুদের নিজেদের ঘর, ক্লাব এবং স্কুলের ফুটবল ছাড়তে বাধ্য করা হচ্ছে। গুলি এবং শেল থেকে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের অনেকেই আপনাদের সাহায্য পেয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় পেয়েছে। তারা এখন ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা চালিয়ে যেতে পারবে এবং ইউরোপজুড়ে নতুন বন্ধু তৈরি করতে পারবে।’

আরও পড়ুন

যুদ্ধের সমাপ্তি টেনে সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইউক্রেন—এমনই বিশ্বাস পাভেলকোর। তিনি বলেছেন, ‘যুদ্ধ শেষ হবে এবং আমরা সর্বোচ্চ স্তরে স্পেন ও পর্তুগালের সঙ্গে মিলে ২০৩০ সালের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করব। বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ইউক্রেনের যুক্ত হওয়া কঠিন সময়ে ইউরোপকে ঐক্যবদ্ধ করা এবং শক্তিশালী করার জন্যও গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেতে স্পেন, পর্তুগাল ও ইউক্রেন জোটকে লড়তে হতে পারে মিসর–গ্রিস–সৌদি আরব এবং উরুগুয়ে–আর্জেন্টিনা–প্যারাগুয়ে–চিলির জোটের সঙ্গে। ২০২৪ সালে জানা যেতে পারে কারা আয়োজন করবে ২০৩০ বিশ্বকাপ।