আসিয়ান কাপের জন্য ২৮ জনের প্রাথমিক দল
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপ’ সামনে রেখে আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ টমাস ডুলির অধীনে আগামী পরশু থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
আজ ঘোষিত প্রাথমিক এই দল অবশ্য শুধুই বাংলাদেশে খেলেন, এমন ফুটবলারদের নিয়ে। বিদেশি লিগে খেলা কোনো ফুটবলার এ তালিকায় নেই। বাফুফে জানিয়েছে, বিদেশি লিগে খেলেন, এমন খেলোয়াড়েরা পরে ক্যাম্পে যোগ দেবেন। সর্বশেষ জাতীয় দলে ছিলেন, এমন খেলোয়াড়দের মধ্যে বর্তমানে বিদেশে খেলছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম।
জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামেননি, ২৮ জনের প্রাথমিক দলে এমন খেলোয়াড় আছেন ৩ জন। দুজন ফরোয়ার্ড—সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম ও ডিফেন্ডার আবদুল্লাহ ওমর ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বলে টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সুযোগ এসেছে। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে বাফুফে।
ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর। চলতি বছরের ফিফা কংগ্রেসে এটি চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবারের টুর্নামেন্টে। ভারতের মতো চীনও নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় আগেই পাকিস্তানকে নেওয়া হয়েছিল। ভারতের বদলে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপের আসর। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
এ টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে টমাস ডুলির নতুন বাংলাদেশ–অধ্যায়।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান। ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ। ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।