২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস
আর্সেনালে যোগ দেওয়া নিয়ে তাঁর ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছিল নানা জল্পনা-কল্পনা। সব গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত ক্লাবেই থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা, বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্ট ‘লস ব্লাঙ্কোস’রা জানায়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই খেলোয়াড়।’
রিয়ালে ভিনির চুক্তির মেয়াদ বাকি ছিল আর মাত্র ১২ মাস। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালও তাঁকে দলে টানতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল।
গত ১৮ মাস ধরে ভিনিসিয়ুস ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের আলোচনা চলছিল। একপর্যায়ে কিছুটা অচলাবস্থা তৈরি হলেও বুধবার রিয়ালের দেওয়া নতুন প্রস্তাব পছন্দ হয় এই ফরোয়ার্ডের। তিনি নিজেই একাধিকবার রিয়ালকে নিজের ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে বর্ণনা করেছিলেন। অবশেষে সেখানেই দীর্ঘ মেয়াদে থাকার সিদ্ধান্ত নিলেন ভিনিসিয়ুস।
২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। তিন বছর আগেও একবার তাঁর চুক্তি নবায়ন করা হয়েছিল। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে প্রাক-মৌসুমের প্রথম অনুশীলন ও মেডিকেল পরীক্ষার জন্য গত সোমবার ক্লাবে যোগ দেন তিনি।
রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন ভিনিসিয়ুস। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।
ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের দিনই আরও এক বড় ঘোষণা দিয়েছে রিয়াল। লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করিয়েছে তারা, যার চুক্তিভিত্তিক মূল্য ১২ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি ইউরো) পর্যন্ত হতে পারে। রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি স্প্যানিশ জায়ান্টদের ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে টেনেছে ক্লাবটি।
অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকেও দলে ভেড়ানোর লড়াই চালাচ্ছ রিয়াল। তবে এই তারকাকে পেতে তাদের তীব্র লড়াই করতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে।