কোলম্যানের বাংলাদেশে আসা হচ্ছে না

ক্রিস কোলম্যানরয়টার্স

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কোচ হিসেবে ক্রিস কোলম্যানের আসার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না। অনেক নাটকীয়তার পর আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোজাসাপটাই জানিয়ে দিয়েছেন, কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না!

মূলত শেষ মুহূর্তে এজেন্ট ফি সংক্রান্ত জটিলতার কারণেই সাবেক এই ওয়েলস কোচের বাংলাদেশে আসার পথ বন্ধ হয়ে গেছে।

ফেডারেশন কাপের ভেন্যু জটিলতা নিয়ে সভা শেষে আজ রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি বলেন, ‘১৫ মের মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম তখন এজেন্টের ফি’র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজী নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে কাজ করছি। সেটা আজকালের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
শামসুল হক

বাফুফে সভাপতি সরাসরি কোলম্যানের নাম না বললেও কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত জাতীয় দল কমিটির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, কোলম্যানের সঙ্গেই চুক্তিটা এগিয়েছিল তাদের। শেষ পর্যন্ত এজেন্ট ফির গ্যাঁড়াকলে থেমে যায় সেটি।

কোলম্যান আসছেন না, তবে বাংলাদেশ জাতীয় দল কিন্তু কোচহীন থাকছে না। বাফুফে সভাপতি নিজেই আশ্বাস দিয়েছেন যে, আগামী ২৪ মে থেকেই নতুন বিদেশি কোচ ঢাকায় জাতীয় দলের ক্যাম্পের দায়িত্ব নেবেন। আর ৫ জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডাগআউটেও দেখা যাবে তাকে। দুই বছরের চুক্তিতে আসতে যাওয়া এই নতুন কোচের পেছনে কোলম্যানের চেয়ে কিছুটা কম খরচ হবে।

আরও পড়ুন

নতুন কোচ নিয়ে এমন পরিকল্পনা কথা জানিয়ে তাবিথ বলেন, ‘আপনাদের এটা নিশ্চয়তা দিতে পারি নতুন বিদেশি কোচের অধীনে বাংলাদেশ সান মারিনোতে খেলবে এবং সেই কোচ ২৪ মে থেকেই শুরু করবে।’

দীর্ঘ যাচাই-বাছাই শেষে বাফুফে গত ১ মে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল। সেই তালিকা থেকে ক্রিস কোলম্যানের নাম কাটা পড়ায় এখন বাকি আছেন জার্মানির বার্নড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলি। তবে বাফুফে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকছে, তা জানতে ফুটবলপ্রেমীদের হয়তো আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন