সিঙ্গাপুরে আজ হামজাদের চক্রপূরণের ম্যাচ

সিঙ্গাপুর ম্যাচের আগে কাল হামজা–জামালদের নিয়ে অনুশীলনে বেশ চনমনেই দেখা গেছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকেবাফুফে

মার্চ থেকে মার্চ—এই এক বছরে দেশের ফুটবলে কত–ই না পরিবর্তন। হামজা চৌধুরী–শমিত সোমদের মতো প্রবাসীরা লাল–সবুজ জার্সিতে মাঠ মাতিয়েছেন। ২২ বছর পর বাংলাদেশ হারিয়েছে ভারতকে, ড্র করেছে হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে। গত বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে যে ‘নতুন’ বাংলাদেশের যাত্রা হয়েছিল, আজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেটার চক্রপূরণও হতে চলেছে। এই চক্রপূরণের উপলক্ষটা জয় দিয়েই রাঙাতে চায় বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

প্রবাসীদের বলে বলীয়ান বাংলাদেশ এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটিই জয়, অন্য চার ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা তাই এক অর্থে নিয়ম রক্ষার। তারপরও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি কম গুরুত্বপূর্ণ নয়। কাল সিঙ্গাপুরের কাল্লাংয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি। তবে যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্টই পেয়েছি। সিঙ্গাপুর ম্যাচটা অন্তত ভালোভাবে শেষ করতে চাই। যাতে আরও তিন পয়েন্ট পেতে পারি।’

ম্যাচটা জিতে তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরতে চায় বাংলাদেশ
বাফুফে

জুনে ঢাকায় প্রথম লেগে সিঙ্গাপুরের সঙ্গে দারুণ খেলেও ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটিও মনে করিয়ে দিয়েছেন কাবরেরা, ‘প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুর জিতে যায়। আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ ছিল। এবার তেমন কিছু দেখতে চাই না।’

জয় পেলে শুধু ৩ পয়েন্টই নয়, আরও অনেক প্রাপ্তিযোগ আছে। এর একটি এশিয়ান বাছাইয়ে প্রথমবারের মতো দুই জয়ের স্বাদ পাওয়া। এবারের আগে ৯ বার এশিয়ান কাপ বাছাইয়ে খেলে একবারই চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। সেটি ১৯৮০ সালে, সেবারও বাছাইপর্বে একটির বেশি জয় ছিল না।

হামজাযুগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়টাও উদ্‌যাপন করা বাকি বাংলাদেশের। গত ২৫ মার্চ শিলংয়ে ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এরপর থেকে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ঘরের মাঠে দুই ম্যাচ, তবে প্রতিপক্ষের মাঠে এখনো জেতা হয়নি।

আরও পড়ুন
কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার! বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও সেই ভালোর আশায়
বাফুফে

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ও যেমন আরেকটি ‘প্রথম’ হবে। চারবারের সাক্ষাতে দুটিতে ড্র, দুটিতে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি ফিফা র‍্যাঙ্কিংয়ের পয়েন্টও বাড়ানোর সুযোগ থাকছে। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩–০ গোলে হারার পর ২.৩৮ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর (১৪৮)। তাই সিঙ্গাপুর ম্যাচ দিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ারও একটা সুযোগ মিলছে।

সব মিলিয়ে সিঙ্গাপুরকে হারাতে পারলে সেই জয়ের অর্থটা সবচেয়ে ভালো বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমরা যদি ৩ পয়েন্ট পাই, সেটা ইতিহাসই হবে। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় পুরো বাছাইপর্বটা আমরা খুব খারাপ করিনি। আমাদের সামনে এই একটি কাজই বাকি। এটার জন্য সবাই ভালোভাবেই প্রস্তুত।’

আরও পড়ুন