নভেম্বরে ঢাকায় পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই পুরুষ ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ এবার বসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট হবে ঢাকায়। আজ ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।
বাংলাদেশেই যে পরবর্তী সাফ ফুটবল হবে, সেই আভাস আগেই দিয়েছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন। আজ আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।
পূর্বপরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে ভারত আসিয়ান কাপ খেলতে ব্যস্ত থাকবে বলে সূচি নিয়ে জটিলতা তৈরি হয়। সংবাদ সম্মেলনে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনাই নয়, সাফের অন্তর্ভুক্ত সাতটি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টটি তারিখ চূড়ান্ত করা হয়েছে।’
পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হবে ঢাকার দুটি ভেন্যুতে। সাফের সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন, ঢাকার বাইরে কোনো খেলা হবে না। জাতীয় স্টেডিয়ামই হবে মূল ভেন্যু। আর দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হতে পারে।
অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনা ও জাতীয় স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই। তবে দ্বিতীয় ভেন্যু হিসেবে কিংস অ্যারেনার নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সাফ কর্তৃপক্ষ।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে যাচ্ছে এক নতুন আধুনিক মাত্রা। সাফে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত না হলেও সাফ সাধারণ সম্পাদক বলেছেন, ‘এবারই প্রথম সাফে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা।’