‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাএএফপি

বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

তবে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনার কথাও বলেছেন তিনি।

ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল সংস্থাটির। নতুন ইউনিটটি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম দেখভাল করত।

গত মঙ্গলবার প্রস্তাবটি সামনে আসার পরই এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। কনফেডারেশনগুলোর অভিযোগ ছিল, পরিকল্পনাটি ঘোষণার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না।

চারদিক থেকে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সবার মতামত ‘মনোযোগ দিয়ে শোনার পর’ পরিকল্পনাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সিদ্ধান্তটি বাতিল হওয়ার পর এএফসির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে সংস্থাটির সভাপতি শেখ সালমান বলেন, ‘বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ ভবিষ্যতে যেন সময়মতো, স্বচ্ছ ও কার্যকর উপায়ে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারের সামনে তুলে ধরা হয় এবং এ নিয়ে যথাযথ আলোচনা করা হয়।’

এশিয়ান ফুটবল কনফেডারেশনও ফিফার প্রস্তাবিত পরিকল্পনার পক্ষে ছিল না
এএফসি

শেখ সালমান আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সব সময় যথাযথ আলোচনা, যৌথ সংলাপ এবং ফুটবলের বিদ্যমান কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই গড়ে তোলা উচিত।’
এর আগে গত বৃহস্পতিবার সদস্য সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে শেখ সালমান ফিফার এ প্রস্তাব উত্থাপনের পদ্ধতিকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের একটি। এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং এই অঞ্চলে ক্লাব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে সংস্থাটি।

আরও পড়ুন