মেসির মতো উদ্যাপন করে কোচের বকা শুনলেন মিলান তারকা
২০১৭ সালে নতুন এক উদ্যাপনে সবাইকে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জার্সি খুলে সামনে মেলে ধরে উদ্যাপন করেছিলেন আর্জেন্টাইন তারকা। মেসির সেই আইকনিক উদ্যাপন গতকাল রাতে তুরিনে ফিরিয়ে এনেছিলেন ব্রাহিম দিয়াজ।
জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এসি মিলানের স্প্যানিশ মিডফিল্ডার। এরপর জার্সি খুলে সামনে তুলে ধরে উদ্যাপনে মাতেন দিয়াজ। এ সময় সতীর্থের কাঁধেও চড়ে বসেন এই মিডফিল্ডার।
জার্সি খুলে এমন উদ্যাপনের জন্য অবশ্য হলুদ কার্ড দেখতে হয়েছে দিয়াজকে। এটা হয়তো ভালো লাগেনি মিলানের কোচ স্তেফানো পিওলির। ক্যামেরার সামনেই দিয়াজকে বকাঝকা করতে দেখা গেছে তাঁকে।
কিন্তু বেচারা দিয়াজ আর কী করবেন! গোল করে এমন উদ্যাপনের শখ যে তাঁর সেই ছোটবেলা থেকে। এত দিনে সেই শখ পূরণ করেছেন দিয়াজ। তবে দলের স্বার্থে পরবর্তী সময়ে জার্সি খুলে এমন উদ্যাপন আর করবেন না বলে জানিয়েছেন।
ম্যাচ শেষে দিয়াজ বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, এভাবে গোল উদ্যাপন করার স্বপ্ন দেখেছি। আজ (গতকাল) এটা করতে পেরেছি। আমি এর আগে স্পেৎসিয়ার বিপক্ষেও চেষ্টা করেছিলাম। কিন্তু কালাব্রিয়া আমাকে জার্সি খুলতে দেয়নি।’
দলের স্বার্থে যে এরপর আর এমন উদ্যাপন করবেন না, সেটা দিয়াজ বললেন এভাবে, ‘এমন উদ্যাপনের কারণে আমাকে একটি হলুদ কার্ড দেখতে হয়েছে। এটা পরিষ্কার যে আমি এমন উদ্যাপন আর করব না। (কোচের বকাঝকার ভিডিও দেখে) আমি ভয়ও পেয়েছি।’
এমন উদ্যাপনের ব্যাখ্যা দেওয়ার পরও একটি প্রশ্ন শুনতে হয়েছে দিয়াজকে—২০১৭ সালে রিয়ালের বিপক্ষে মেসির উদ্যাপন তাঁকে অনুপ্রাণিত করেছে কি না? এ প্রশ্নের উত্তরে দিয়াজ বলেছেন, ‘না না...সেটার সঙ্গে এটার তুলনা হয় না। এটা অসম্ভব। তিনি অন্য মানের।’
জার্সি খুলে উদ্যাপনের জন্য বকা দিলেও ম্যাচ শেষে দিয়াজের প্রশংসাই করেছেন পিওলি, ‘ব্রাহিম অসাধারণ। সে সব সময় খেলতে চায়। আমি যতগুলো সুযোগ তাকে দিয়েছি, সব কটিরই সদ্ব্যবহার করেছে। সে আজ যে আনন্দ করেছে, এটা তার প্রাপ্য।’