নেইমারকে নিয়ে আবার দুশ্চিন্তা: এবার প্রতিপক্ষ ভাইরাস

সান্তোস তারকা নেইমারনেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডল

নেইমারের বোধ হয় কপালটাই খারাপ। যখনই মনে হয় তিনি ছন্দে ফিরছেন, তখনই কোনো না কোনো বাধা এসে হাজির। অথচ বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। বয়সটা এখন ৩৪। এই বয়সে শরীর যে আর আগের মতো সায় দেয় না, ফুটবল বিধাতা যেন বারবার সেটাই মনে করিয়ে দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকাকে। এবার অবশ্য চোট নয়, ভাইরাসজনিত জ্বরে কাবু হয়ে পড়েছেন ব্রাজিলের এই পোস্টার বয়।

গতকাল সকালে সান্তোসের সিটি রেই পেলের অনুশীলন মাঠে সবার চোখ ছিল একজনের ওপর। কিন্তু বেলা গড়াল, ঘাম ঝরল গাবিগোল-উইলিয়ান আরাউদের; দেখা মিলল না শুধু নেইমারের।  নেইমারের এই অনুপস্থিতি নিয়ে যখন সমর্থকদের মনে হাজারো প্রশ্ন, তখনই ক্লাবের পক্ষ থেকে এল আনুষ্ঠানিক ঘোষণা। সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার জুনিয়র শনিবার রাতে ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্লাবের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

সান্তোসের জন্য সময়টা এখন ভীষণ গুরুত্বপূর্ণ। আগামীকাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে সান লরেঞ্জোর মুখোমুখি হবে তারা। কোপা সুদামেরিকানার এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের মাঠের বাইরে চলে যাওয়া কোচ কুকার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন

নেইমারের জন্যও এই প্রতিটি দিন এখন অগ্নিপরীক্ষার মতো। সামনেই বিশ্বকাপ, অথচ তাঁর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। জাতীয় দলের কোচিং স্টাফের নজর কাড়তে যেখানে তাঁর নিয়মিত মাঠে থাকা প্রয়োজন, সেখানে অসুস্থতা বা চোটের কারণে বারবার ছন্দপতন ঘটছে।

সান্তোসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাঁর শরীর ইতিবাচক সাড়া দিলে আজ দলের সঙ্গে বুয়েনস এইরেসে যোগ দেওয়ার পরিকল্পনা আছে নেইমারের।