গত ২৮ মে স্তাদ দি ফ্রান্সে কী একটা কাণ্ডই না ঘটেছিল! চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাঁরা রিয়াল মাদ্রিদ–লিভারপুলের ম্যাচ দেখতে টেলিভিশনের সামনে বসেছিলেন, কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না। খেলা শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ম্যাচ মাঠে গড়াচ্ছিল না।
সেদিন আধা ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। এই দেরির দায় সেই সময় লিভারপুলের সমর্থকদের ওপর চাপিয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজকেরা। প্যারিসে যাওয়া হাজার হাজার লিভারপুল সমর্থক বিনা টিকিটেই মাঠে ঢুকতে চেয়েছিলেন, এমনটাই বলেছিল তারা।
অবশেষে এই দায় থেকে মুক্ত হয়েছেন লিভারপুলের সমর্থকেরা। প্রায় দেড় মাসের তদন্ত শেষে প্যারিসের পুলিশ আজ বলেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে যে ‘গন্ডগোল’ হয়েছিল, এর জন্য সমর্থকেরা নন, আয়োজকেরাই দায়ী।
দুজন সিনেটরের নেতৃত্বে তদন্ত কমিটির তদন্তে উঠে এসেছে, খেলা শুরুর আগে অনেক যন্ত্র ঠিকভাবে কাজ করছিল না। এ ছাড়া আয়োজকদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলেও জানানো হয়। তদন্ত কমিটির সহপ্রধান লরাঁ লাফোঁ আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোনো ক্ষেত্রেই যন্ত্র কাজ করেনি।’
অথচ ঘটনার দিন স্টেডিয়ামে পুলিশ সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জও করে। ফাইনালের দুই দল লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির প্রতিবাদও করেন। পরে দুই ক্লাবই লিখিতভাবে প্রতিবাদ জানায়।
সেই সময় লিভারপুল সমর্থকদের বিনা টিকিটে মাঠে ঢুকতে চাওয়াকেই দায়ী করেছিল প্যারিসের পুলিশ। প্যারিস পুলিশের প্রধান দিদিয়ের লালমঁ তখন বলেছিলেন, লিভারপুলের ৪০ হাজার সমর্থক ভুয়া টিকিটে মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন বলেই ঝামেলা হয়েছে।