এএসের খবর—আগস্টে পিএসজি ছাড়ার পরিকল্পনা এমবাপ্পের

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কত কিছুই না পাল্টে দেয়! কিছুদিন আগেও কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে তাঁকে কত ‘ক্ষমতা’ দিয়েছিল পিএসজি। সেই পিএসজিই কি না কিলিয়ান এমবাপ্পে যেন এই গ্রীষ্মে প্যারিস ছাড়েন, এর জন্য সম্ভাব্য সবকিছু করতে রাজি!

এটা কেন, সেটা এখন সবারই জানা। এমবাপ্পে গত জুনে পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামী মৌসুমের পর আর প্যারিসে থাকতে চান না। ক্লাবের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এর পর থেকেই পিএসজি তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের লক্ষ্য একটাই—এমবাপ্পে যেন মুক্ত খেলোয়াড় হয়ে ক্লাব না ছাড়েন। তাহলে যেকোনো ট্রান্সফার ফি পাবে না পিএসজি।

এমবাপ্পে রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ না করে পিএসজি ছাড়বেন না। এর কারণটাও সবার জানা—চুক্তির মেয়াদ শেষ না করে প্যারিস ছাড়লে আনুগত্য বোনাসের পুরোটা পাবেন না তিনি।

তবে সবশেষ যা খবর, সেটা শুনে পিএসজির কর্তৃপক্ষরা খুশিই হবে। ২৪ বছর বয়সী এমবাপ্পের এজেন্ট এবং তাঁর মা ফাইজা লামারি এখন অন্য রকম পরিকল্পনা করছেন। তিনি চাইছেন, তাঁর ছেলে যেন আগস্টের মধ্যে প্যারিস ছাড়তে পারে।

আরও পড়ুন
রদ্রিগোর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে
ছবি: রদ্রিগোর ইনস্টাগ্রাম থেকে

এমবাপ্পের মোট আনুগত্য বোনাস পাওয়ার কথা ৮ কোটি ইউরো। এর অর্ধেক ৪ কোটি ইউরো তিনি গত ৩১ জুলাই পেয়েছেন। বাকি ৪ কোটি ইউরো পাওয়ার কথা ৩১ আগস্ট। ওই দিনই ইউরোপিয়ান লিগগুলোর গ্রীষ্মকালীন দলবদলের জানালা বন্ধ হওয়ার কথা। ৩১ আগস্টের মধ্যে এমবাপ্পে কোথাও না গেলেই বাকি ৪ কোটি ইউরো আনুগত্য বোনাস পাবেন।

এমবাপ্পের এজেন্ট এবং তাঁর ঘনিষ্ঠজনদের একটি সূত্র স্পেনের সংবাদমাধ্যম এএসকে জানিয়েছে, ৩১ আগস্ট আনুগত্য বোনাস বিসর্জন দিতে এখন তারা রাজি আছে, যদি এর মধ্যেই চাহিদা অনুযায়ী এমবাপ্পে দলবদল করতে পারেন।

সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপ্পেকে পেতে পিএসজিকে ৩০ কোটি ইউরো রেকর্ড ট্রান্সফার ফি দিতে চায়। এমবাপ্পেকেও মোটা অঙ্কের বেতনের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত তারা। অন্যদিকে তাঁকে লিভারপুল এক বছরের জন্য ধারে চায়। এ ছাড়া চেলসিও নাকি এমবাপ্পেকে পেতে উন্মুখ। তবে এমবাপ্পে এসব ক্লাবের কোনোটিতেই যেতে চান না। তাঁর স্বপ্নে শুধুই রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন
কোথায় যাবেন কিলিয়ান এমবাপ্পে?
রয়টার্স

কিন্তু রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। শিগগিরই তারা কোনো প্রস্তাব নিয়ে আসবে, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, এমবাপ্পের দলবদল নিয়ে তিনি শান্তই আছেন।

অনেকেরই ধারণা, পিএসজি যেমন এমবাপ্পেকে মুক্ত খেলোয়াড় হতে দিতে চায় না, রিয়ালের ঠিক এর উল্টো ভাবনা। তারা চায় এমবাপ্পেকে মুক্ত খেলোয়াড় হিসেবে দলে ভেড়াতে। এতে যে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি বেঁচে যাবে তাদের।

শেষ পর্যন্ত এমবাপ্পের দলবদলের নাটক কোথায় গিয়ে থামে, এটাই এখন দেখার বিষয়। স্পেনের সংবাদমাধ্যম এএসের খবর—আগস্টে এমবাপ্পের দলবদল হলেও সেটা ১৭ তারিখের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন