আবার ভিনির গোল, শেষ ষোলোতে রিয়াল, পিএসজিও, চমকে দিল আতালান্তা

বেনফিকার বিপক্ষে আবার গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়ররয়টার্স

ভিনিসিয়ুস নাচছেন। এবারও সেই কর্নার ফ্ল্যাগের সামনে। এবারও বেনফিকার বিপক্ষে প্রায় একই কোণ থেকে গোল করে।

তবে পার্থক্য হলো আট দিন আগে নীল জার্সিতে নেচেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। আজ নাচলেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। আর সেদিন নাচের পর বর্ণবাদী গালি শুনেছিলেন প্রতিপক্ষের মুখ থেকে। এরপর তো খেলা বন্ধ ছিল মিনিটে দশেক। আর যাঁর বিরুদ্ধে ভিনিসিয়ুসদের অভিযোগের তির, সেই জিয়ানলুকা প্রেসতিয়ান্নি তো সাময়িক নিষেধাজ্ঞায় আজ মাদ্রিদেই ছিলেন না।

আজ ৮০ মিনিটে ভিনির গোলটি নিশ্চিত করে দেয় বেনফিকাকে ২–১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩–১ অগ্রগামিতায় রিয়ালের শেষ ষোলোতে ওঠা। প্রথম লেগটা বেনফিকার মাঠ থেকে ১–০ গোলে জিতে এসেছিল রিয়াল।

চোটে ভোগা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই ম্যাচটি শুরু করা রিয়ালই আজ প্রথম গোলটি খায়। ১৪ মিনিটে রাফা সিলভার গোলে দ্বিতীয় লেগে এগিয়ে গিয়ে দুই ম্যাচ মিলিয়ে সমতা ফেরায় বেনফিকা। ২ মিনিট পরেই অঁরেলিয়ে চুয়ামেনির গোলে সমতা ফিরিয়ে আসলে আবার এগিয়েই যায় রিয়াল। এরপর বেনফিকা ও রিয়াল দুই দলই সুযোগ নষ্ট করার পর ভিনির সেই গোল।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্তিং সিপি। শুক্রবার ড্র–তে নির্ধারিত হবে এই দুই দলের কাকে পাবে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি।

শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

আজ আরেক ম্যাচে ঘরের মাঠে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেও হাসি নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা যে দুই লেগের লড়াইটি জিতল ৫–৪ গোলে।  

সমনা আনার পর পিএসজি অধিনায়ক মার্কিনিওসের উদ্‌যাপন
এএফপি

মোনাকোর মাঠে প্রথম লেগে ০–২ গোলে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে জয় নিয়ে প্যারিসে ফিরেছিল পিএসজি। চ্যাম্পিয়নদের জালেই ঢুকেছে আজকের প্রথম গোলটিও। প্রথমার্ধ ১–০ গোলে এগিয়ে থেকে শেষ করা মোনাকো ৫৮ মিনিটে ১০ জনের দল হয়ে যায়। মামাদু কুলিবালি লাল কার্ড দেখার ২ মিনিট পরেই মারকিনওসের গোলে সমতা ফেরায় পিএসজি। ৬ মিনিট পর খিচা কাভারাস্কেইয়ার গোল ব্যবধানটা ২–১ হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে মোনাকো করে শেষ গোলটি।

শেষ ষোলোতে পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা অথবা চেলসি।

আরও পড়ুন

নাটকীয় জয়ে শেষ ষোলোতে আতালান্তা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল আতালান্তা। বুধবার রাতে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় পরের রাউন্ডে পা রাখল ইতালিয়ান ক্লাবটি।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করছেন আতালান্তার লাজার সামারজিচ
রয়টার্স

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আতালান্তা। প্রথম লেগের ২-০ ব্যবধান ঘুচিয়ে প্রথমার্ধেই জিয়ানলুকা স্কামাক্কা ও দাভিদে জাপাকোস্তার গোলে সমতায় ফেরে তারা। ৫৭ মিনিটে মারিও পাসালিচের হেডে আতালান্তা এগিয়ে গেলেও  করিম আদেইয়েমির গোল ডর্টমুন্ডকে ম্যাচে ফিরিয়েছিল।

আসল নাটক তোলা ছিল অতিরিক্ত সময়ের জন্য। অষ্টম মিনিটে ডর্টমুন্ড ডিফেন্ডার রেমি বেনসাবাইনি বক্সের ভেতর ফাউল করলে ভিএআর রিভিউতে পেনাল্টির সিদ্ধান্ত আসে। লাজার সামারজিচের নিখুঁত স্পট কিক কেবল জয়ই নিশ্চিত করেনি, ২০০৩-০৪ মৌসুম থেকে শেষ ১৬-তে অন্তত একটি ইতালিয়ান ক্লাবের থাকার রেকর্ডটিও অক্ষুণ্ণ রেখেছে। নাপোলি ও ইন্টার মিলানের বিদায়ের পর আতালান্তার এই জয় ইতালিয়ান ফুটবলের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে এল।

 শেষ ষোলোতে আতালান্তার প্রতিপক্ষ আর্সেনাল অথবা বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন

পারল না জুভেন্টাস

তুরস্ক থেকে গালাতাসারাইয়ের কাছে ৫–২ গোলে হেরে বাড়ি ফিরেছিল জুভেন্টাস। ইতালির এই ক্লাবটিও প্রত্যাবর্তনের গল্প প্রায় লিখেই ফেলেছিল। ৯০ মিনিটের মধ্যে ৩–০ গোলে এগিয়ে থেকে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় জুভ। তবে অতিরিক্ত সময়ে ভিক্টর ওসিমেন ও বারিশ ইলমাজের গোলে জুভ সমর্থকদের কাঁদিয়ে শেষ ষোলোতে উঠে গেছে গালাতাসারাই। দুই লেগ মিলিয়ে তুর্কি ক্লাবটি জিতল ৭–৫ গোলে।

শেষ ষোলোয় গালাতাসারাইয়ের প্রতিপক্ষ লিভারপুল অথবা টটেনহাম।

আরও পড়ুন