রোনালদো কেন অনুশীলন না করে হোটেলে ফিরলেন, কী সমস্যা পর্তুগাল দলে
সমস্যার শুরু কি তাহলে অসলোর বেঞ্চ থেকে? কিংবা আদৌ কি কোনো সমস্যা হয়েছে? ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তাঁর সমর্থকদের মনে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
আসলে অবস্থাদৃষ্টে এসব প্রশ্ন উঠছে। উয়েফা নেশনস লিগে গত রোববার রাতে স্বাগতিক নরওয়ের বিপক্ষে ২–১ গোলে জয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন রোনালদো। বেঞ্চ থেকে মাঠে নামতে না পারার এই অভিজ্ঞতা পর্তুগাল কিংবদন্তির জন্য প্রায় অজানা। ১৮ বছর পর এমন অভিজ্ঞতা হলো তাঁর। সে জন্যই কি বেঞ্চে বসে থাকা রোনালদোকে দেখে সেদিন মনে হয়েছিল, কিছুটা মন খারাপ হয়তো!
ম্যাচ শেষে দর্শকের এমন ভেবে নেওয়ার কারণ ছিল। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, অসলোয় শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপন করতে মাঠেও ঢোকেননি রোনালদো। বেঞ্চেই বসে ছিলেন পুরো সময়। এরপর সেখান থেকে উঠে চলে যান ড্রেসিংরুমে। তখন অনেকেই ভেবে নেন, মাঠে নামতে না পারার দুঃখেই রোনালদো সম্ভবত একটু অভিমান করেছেন।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন ভাসছে, ডেনমার্ক ম্যাচের আগেও পরিস্থিতির উন্নতি হয়নি। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো খবর না পাওয়া গেলেও অন্তত মালমো থেকে যেসব খবর ভেসে আসছে তাতে মনে হতেই পারে, রোনালদোর অভিমান এখনো কাটেনি।
নেশনস লিগে আগামীকাল রাতে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচ সামনে রেখে ডেনমার্কের প্রতিবেশী দেশ সুইডেনের মালমোয় বেজ ক্যাম্প করেছে পর্তুগাল। সুইডিশ ক্লাব মালমোর এলেদা স্টেডিয়ামে চলছে অনুশীলন। পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, গতকাল পর্তুগালের দলীয় অনুশীলন শুরুর আধা ঘণ্টা আগে এই মাঠে ঢুকে একাই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন রোনালদো। কিছুক্ষণ পরই মাঠ থেকে স্রেফ নেই হয়ে যান। আর ফেরেননি অনুশীলনে।
জানা গেছে, পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ভ্যানে করে হোটেলে ফেরেন ৪১ বছর বয়সী রোনালদো। কারণ? স্টেডিয়ামে জিম করার যেসব সরঞ্জাম ছিল, রোনালদোর তা পছন্দ হয়নি। এ কারণে হোটেলে ফিরে সেখানকার জিমে ঘাম ঝরান। প্রশ্ন হলো, হোটেলেই যদি ফিরবেন, তাহলে স্টেডিয়ামে গেলেন কেন রোনালদো? আগের দিন এ স্টেডিয়ামের জিমেই ঘাম ঝরানোয় সেখানে কী কী সমস্যা, সেসব তাঁর জানার কথা।
এফপিএফের একটি সূত্র ‘এ বোয়া’কে জানান, প্রতিটি অনুশীলন সেশনের আগে পর্তুগাল কোচ জর্জ জেসুস পুরো দলকে এক জায়গায় করে সেশনের পরিকল্পনা বুঝিয়ে দেন এবং সে অনুযায়ী খেলোয়াড়দের ভাগ করে দেন। এ কারণে দলের সঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন রোনালদো।
অসলোয় সেই ঘটনার পর পর্তুগালের কোচ জেসুস জানিয়েছিলেন, তিনি এ বিষয়ে রোনালদোর সঙ্গে কথা বলবেন।
গতকাল এলেদা স্টেডিয়ামের বেঞ্চে রোনালদোর সঙ্গে আলাপ করতে দেখা যায় জেসুসকে। এ সময় মুঠোফোনে ব্যস্ত থাকার ফাঁকে কফি পান করছিলেন পর্তুগিজ তারকা। চলমান পরিস্থিতি ঠিক করতে আজ নির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনের পথে উড়াল দিয়েছেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা। ‘এ বোয়া’ ও পর্তুগালের আরেক সংবাদমাধ্যম ‘ও জোগো’র তথ্য অনুযায়ী, রোনালদো এবং কোচের মধ্যে যেকোনো ধরনের বিরোধ বা ভুল–বোঝাবুঝি এড়াতেই কোপেনহেগেনে যাচ্ছেন প্রোয়েঙ্কা।
জানা গেছে, নরওয়ের বিপক্ষে জয়ের আগের দিন থেকেই স্বাভাবিক অনুশীলন করছেন না রোনালদো। গত পরশু আল নাসরের এ ফরোয়ার্ড মালমোর মাঠে বদলি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। স্টেডিয়ামের জিমে অনুশীলন করেছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) তথ্য অনুযায়ী, শারীরিকভাবে রোনালদোর চোট পাওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই। আজ বিকালে মূল দলের অনুশীলনে ফেরেন কি না রোনালদো, সেটাই এখন দেখার বিষয়।
তবে গুঞ্জন আছে, নরওয়ে ম্যাচে পর্তুগাল টিম ম্যানেজমেন্ট দল যেভাবে পরিচালনা করেছে, সেটা ভালো লাগেনি অধিনায়ক রোনালদোর। বিশ্বকাপের পর নতুন সময়ে তাঁকে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে কোচ জেসুসের সঙ্গে আলোচনা হয়েছে রোনালদোর।
নরওয়েতে রোনালদো আশা করেননি, তাঁকে বদলি খেলোয়াড়দের তালিকায় থাকতে হবে। কোচ জেসুসও বলেছিলেন, পর্তুগালের প্রথম একাদশে না থাকলেও রোনালদো (বেঞ্চ থেকে) খেলবেন। কিন্তু সেটা হয়নি। ম্যাচ শেষে জেসুসের ব্যাখ্যা ছিল, ম্যাচে গতিপ্রকৃতির কারণে পরিকল্পনাটা আর বাস্তবায়ন করতে পারেননি।