নেইমারকে বাদ দেওয়ায় আনচেলত্তিকে সতর্কবার্তা রোমারিওর, ‘মিস্টার, একটু খেয়াল রাখবেন’

দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে নেইমারকে রাখেননি আনচেলত্তি।এক্স

মাঠের লড়াই শুরু হতে আরও মাস তিনেক বাকি। কিন্তু তার আগেই ব্রাজিল ফুটবলে চলছে তুমুল বিতর্ক। আর সেই বিতর্কের বিষয়—নেইমার। ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের দল থেকে নেইমারকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই যেন সেই বিতর্কের আগুনে ঘি পড়েছে। ব্রাজিল কোচের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রোমারিও ও রোনালদোর মতো কিংবদন্তিরা।

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলে আর ডাক পাননি ৩৪ বছর বয়সী এই তারকা। আনচেলত্তি স্পষ্টতই খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর জোর দিচ্ছেন। কিন্তু রোমারিওর সোজা কথা—আনচেলত্তি বড্ড আগেভাগেই দলের সবচেয়ে ধারালো অস্ত্রটা ছুড়ে ফেলছেন।

শতভাগ ফিট না থাকলেও নেইমারের মতো একজন তারকা দলে থাকা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক ভালো
রোমারিও
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও
এক্স


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জার্নাল ও দিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও যা বলেছেন তার সারমর্ম হচ্ছে, প্রতিভার কদর সবার আগে হওয়া উচিত। তাঁর কথা, ‘একজন তারকাকে খেলতেই হবে। জাতীয় দল হলো সেরাদের জায়গা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এক মাস সময় পাওয়া যায়, যা একজন অ্যাথলেটের ফিটনেস ফিরে পাওয়ার জন্য যথেষ্ট। সবাই জানে, তবু বারবার বলতে হয়—শতভাগ ফিট না থাকলেও নেইমারের মতো একজন তারকা দলে থাকা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক ভালো।’

আরও পড়ুন
১২৮ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা নেইমারকে পরীক্ষা করার কিছু নেই। সে শারীরিকভাবে ফিট থাকলে আমি তাকে বিশ্বকাপে নিতাম।
রোনালদো

১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও আরও বলেছেন, ‘প্রতিভা নষ্ট করা যাবে না। কোনো কোচই প্রতিভা ছাড়া দল চালাতে পারবেন না। আমি আশা করি, নেইমার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে প্রমাণ করবে যে সে চূড়ান্ত দলে থাকার যোগ্য এবং ষষ্ঠ বিশ্বকাপ জেতার লড়াইয়ে অংশ নেবে।’ পাশাপাশি রোমারিও এটাও জানিয়ে রাখলেন, ‘নেইমার গেলে আমি খুশি। কিন্তু না গেলেও ষষ্ঠ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা থামাব না।’

কার্লো আনচেলত্তি ও নেইমার
এক্স

সবশেষে রোমারিও আনচেলত্তিকে বলেছেন, ‘মিস্টার, (নেইমারের দিক) একটু খেয়াল রাখবেন!’


রোমারিওর সুরে সুর মিলিয়েছেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিও-ও। তবে তাঁর কণ্ঠ একটু মাপা। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জেতা ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার সিএনএন ব্রাজিলকে বলেছেন, ‘১২৮ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা নেইমারকে পরীক্ষা করার কিছু নেই। সে শারীরিকভাবে ফিট থাকলে আমি তাকে বিশ্বকাপে নিতাম। আমি আশা করি সে ফিট থাকবে। আনচেলত্তিও তাকে নেবেন, আমি নিশ্চিত। সে সব ম্যাচ না–ও খেলতে পারে, কিন্তু সে যেখানেই গেছে, নিজেকে প্রমাণ করেছে। ইদানীং চোটে ভুগেছে, কিন্তু তাকে বিশ্বকাপে নিতে হলে নতুন করে যাচাই করার দরকার নেই।’

‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিও
আইএমডিবি

মে মাসের মাঝামাঝি ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। এর আগে আনচেলত্তির মন জয় করার একটাই পথ নেইমারের সামনে—ফিটনেস প্রমাণ করা। প্রতিভা নিয়ে তো কোনো কালেই প্রশ্ন ছিল না, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিকতা। সান্তোসের হয়ে এই মৌসুমে এরই মধ্যে পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি। তবে যতটুকু খেলেছেন, আলো ছড়িয়েছেন। ব্রাজিলিয়ান সিরি আ-তে মাত্র তিন ম্যাচ খেলেই ৩টি গোল করেছেন, সঙ্গে ১টি গোলে সহায়তা করে জানান দিয়েছেন, ‘এখনো ফুরিয়ে যাইনি!’

আরও পড়ুন