নেইমার গোল পেলেন, কিন্তু আনচেলত্তির মন পেতে বহু দূর
ব্রাজিলিয়ান সিরি আতে আজ ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২–১ গোলে হেরেছে সান্তোস। এ ম্যাচে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। গত সোমবার রাতে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা ব্রাজিল স্কোয়াডে জায়গা না পাওয়ার পর এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ।
ম্যাচে পুরো সময় খেলতে পারেননি নেইমার। ৮৯ মিনিটে তাঁকে বদলি হিসেবে তুলে নেওয়া হয়। মাঠে যতক্ষণ ছিলেন, তাঁর কাছ থেকে তেমন একটা ঝলক দেখা যায়নি। গোল উদ্যাপনের সময় দেখেন হলুদ কার্ড। খেলা দেখেও বোঝা যাচ্ছিল, পুরো ফিটনেস ফিরে পেতে আরও অপেক্ষায় থাকতে হবে নেইমারকে। ওদিকে ব্রাজিল দলের কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে পুরো ফিটনেস ফিরে পেতে হবে। আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণের নেইমারের হাতে আছে ১৫টি ম্যাচ। পারবেন কি না, তা সময়ই বলে দেবে।
সময় অবশ্য আরও একটি ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল জাতীয় দল সম্ভবত নেইমারের ওপর কিছুটা নাখোশ। এই দাবি করেন ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদক ডিওগো দান্তাস।
নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার একটি ভিডিও ছেড়েছেন নেইমার। কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা না পাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সেই ভিডিওতে। পাশাপাশি এটাও বলেছেন, তিনি জানতেন অন্য সময় হলে ‘এমনিতেই ডাক পেতেন’। ব্রাজিল জাতীয় দল নেইমারের এই ভিডিও এবং সেখানে করা তাঁর মন্তব্য ভালোভাবে নেয়নি বলে নিজের প্রতিবেদনে জানিয়েছেন দান্তাস।
সান্তোস গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও নেইমারের কাছে জানতে চান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগে থেকে কিছু জানিয়েছিল কি না এবং অতীতে বিষয়টি কীভাবে হতো। নেইমারের জবাব, ‘আগে থেকেই আমি জানতাম এটা হবেই, বুঝলেন?’
দলে সুযোগ না পাওয়ার পর ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও জানান নেইমার, ‘আনচেলত্তি, আমার কী হবে? জাতীয় দল ঘোষণা করা হলো; কিন্তু আমি ডাক পাইনি।’
দান্তাস জানিয়েছেন, সিবিএফের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নেইমারের এই মন্তব্যে কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগের কোচিং স্টাফদের প্রতি সমালোচনার ইঙ্গিত ছিল এবং বর্তমান কোচ আনচেলত্তির সঙ্গেও নেইমারের সমস্যার আভাস পাওয়া যায়।
দান্তাসের পর্যবেক্ষণ অনুযায়ী, ভিডিওটি এবং নেইমারের সাম্প্রতিক বক্তব্য আনচেলত্তির সিদ্ধান্তে প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, নেইমারকে আরও ভালো শারীরিক অবস্থায় ফিরতে হবে। সে জন্য প্রতিদিনের জীবনযাপনে তাঁকে আরও বেশি করে পেশাদার ফুটবলারের মতো আচরণ করতে হবে।
ভিডিওটি প্রকাশ এবং সংশ্লিষ্ট মন্তব্যে ‘আমরা বনাম তারা’ ধরনের একটি বার্তা ফুটে উঠেছে, যা আড়ালে কোচিং স্টাফের ওপর চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। বিশেষ করে খেলোয়াড়টির ঘনিষ্ঠ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা সমালোচনা এ পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে। নেইমারের বন্ধু ও পরিচিতরা যেমন অভিনেতা রাফায়েল জুলু ও এজেন্ট পিনি জাহাভি।
দান্তাস জানিয়েছেন, ব্রাজিল কোচিং স্টাফ এসব মন্তব্য গুরুত্ব না দিয়ে তারা আবারও জানিয়ে দিয়েছে, ফিজিওলজিস্ট, ট্রেনার ও পারফরম্যান্স বিশ্লেষকদের বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই দল নির্বাচন ও সিদ্ধান্ত নেওয়া হবে। আনচেলত্তি আগেই পরিষ্কার করে দিয়েছেন, নাম ও অতীতের অবদানের কারণে নেইমার কোনো বিশেষ সুবিধা পাবেন না।
ব্রাজিলের নতুন কোচিং স্টাফের সঙ্গে নেইমারের দূরত্ব থাকলেও সিবিএফ সভাপতি সামির জাউদের সঙ্গে যোগাযোগ আছে নেইমারের। সোমবার জাউদ জানান, তিনি জাতীয় দলে খেলোয়াড় নির্বাচনে কোনো প্রভাব ফেলেন না। জাউদের ভাষায়, ‘তালিকা প্রকাশের ঠিক ১০ মিনিট আগে আমি এটা জানতে পারি। তাদের সম্পূর্ণ স্বায়ত্তশাসন আছে।’