গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

আর্জেন্টিনা দলের অনুশীলনে লিওনেল মেসি। ছবিটি পুরোনো। গুয়াতেমালার বিপক্ষে অধিনায়কত্ব করবেন মেসিমেসির ইনস্টাগ্রাম হ্যান্ডল

গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ মধ্য আমেরিকার দেশটির মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসি স্কালোনির এই দলের অধিনায়ক। হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজদের মতো তারকারা আছেন বিশ্ব চ্যাম্পিয়নদের দলে। দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ার পর এ প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আরও পড়ুন

স্কালোনির এই দলে দুজন নতুন মুখও আছেন—এস্তুদিয়ান্তেস সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচে দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকে ফেরানো হয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে। চোটের কারণে জায়গা পাননি জোভান্নি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং লাওতারো মার্তিনেজ। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিন্নিকে ডেকেছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের এটাই একমাত্র প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
এএফপি
আর্জেন্টিনা দল:গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে এটাই এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচ। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির দল। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।