শুরুতেই হামজাদের মালয়েশিয়া–পরীক্ষা

ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে গতকাল জাকার্তায় অনুশীলন করেছেন হামজা–ফারহানরাবাফুফে

র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৪৫। মাঠের লড়াইয়েও সেই ব্যবধানটা কম নয়। আগের ১০ সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র ১টি। বাকি ৯ ম্যাচের ২টিতে ড্র, ৭টিতেই হার। সেই মালয়েশিয়ার বিপক্ষেই আজ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিতই খেলত বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৪–১ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর এবার ভিন্ন এক মঞ্চে, ভিন্ন এক বাস্তবতায় দেখা হচ্ছে তাদের।

চার বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অবশ্য এক নয়। র‍্যাঙ্কিংয়ে খুব বেশি এগোতে না পারলেও হামজা চৌধুরী ও সমিত শোমদের মতো প্রবাসীরা যোগ দেওয়ার পর মাঠে লড়াই করার মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক ফলে মেলে এর প্রমাণ। গত জুনে সান মারিনোকে তাদেরই মাঠে হারিয়েছে বাংলাদেশ। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হারিয়েছে ভারতকে।

একই প্রতিযোগিতায় হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। সেই আত্মবিশ্বাস থেকেই আজ মালয়েশিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে টমাস ডুলির দল। প্রেরণা হতে পারে অতীতের জয়টিও। ১৯৮২ দিল্লি এশিয়ান গেমসে আশীষ ভদ্র ও বাদল রায়ের গোলে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

তারপরও অধিনায়ক জামাল ভূঁইয়া মালয়েশিয়া ম্যাচটাকে কঠিন হিসেবেই দেখেছেন। একই সঙ্গে তাদের হারানোও অসম্ভব মনে করছেন না। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ হবে। তবে দল হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং যদি আমরা পয়েন্ট পাই ভালোই হবে। আমার মনে হয়, পুরো টুর্নামেন্টে এক-দুটি ম্যাচ জিততে পারলে সেটাই হবে ইতিবাচক। তখন সফরটাকে সফলও বলা যাবে।’

কোচ ডুলি অবশ্য বাস্তবতার কথা ভুলছেন না। তবে স্বপ্নও দেখতে চান। মালয়েশিয়ার বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্রকেও বড় অর্জন হিসেবে দেখছেন তিনি, ‘স্বপ্ন দেখতে তো মানা নেই। তবে আমাদের বাস্তবতাও মাথায় রাখতে হবে। মালয়েশিয়া আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের সঙ্গে ড্র করতে পারলে বা একটা জয় পেলে দারুণ কিছু হবে।’

আরও পড়ুন

এই টুর্নামেন্টকে শুধু ফলের দিক থেকে দেখছেন না ডুলি। আগামী ৪ নভেম্বর ঘরের মাঠে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে সেপ্টেম্বরের উইন্ডোতে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু ফিফার আয়োজনে প্রথমবারের আসিয়ান কাপে ভারত নাম প্রত্যাহার করায় শেষ পর্যন্ত আমন্ত্রণ পায় বাংলাদেশ।

সেই সুযোগকেই এখন সাফের প্রস্তুতিতে কাজে লাগাতে চান কোচ, ‘এটি এমন একটি টুর্নামেন্ট, যেখান থেকে আমরা নতুন কিছু শেখার আশা করছি। হয়তো কিছু ভুল হবে, আশা করি খুব বেশি ভুল হবে না, যাতে আমরা তা থেকে শিখতে পারি এবং পরের ম্যাচগুলোতে, বিশেষ করে সাফ টুর্নামেন্টে কাজে লাগাতে পারি।’

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ টমাস ডুলি (বাঁয়ে) ও অধিনায়ক জামাল ভূঁইয়া
বাফুফে

তবে আসিয়ান কাপকে শুধুই প্রস্তুতির মঞ্চ ভাবার সুযোগ নেই। এখানে শিরোপার লড়াইয়ের পাশাপাশি আছে প্রাইজমানিসহ আরও কিছু পুরস্কার। সেই হিসাবের খাতায় নিজেদের আন্ডারডগই মানছেন বাংলাদেশ কোচ, ‘আমি জানি, বাংলাদেশের অনেক সমর্থক ভাবেন যে আমরা এখানে এসে সবাইকে হারিয়ে দেব। কিন্তু এটা অনেক কঠিন। আমাদের প্রতিপক্ষরা সবাই র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। এই টুর্নামেন্টে আমরাই আন্ডারডগ।’

প্রতিযোগিতায় ১৪ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। ডিভিশন–ওয়ানে দুই গ্রুপে চারটি করে আটটি দল, আর ডিভিশন–টুতে দুই গ্রুপে তিনটি করে ছয়টি দল। দুই ডিভিশনের দুই গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি গ্রুপ ফাইনালে খেলবে। এ ছাড়া ডিভিশন–ওয়ানের দুই গ্রুপের রানার্সআপ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

আজ মালয়েশিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে ফারহান আলীর (জার্সি ২১)
বাফুফে

বাংলাদেশ আছে ডিভিশন–ওয়ানের ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আজ মালয়েশিয়ার বিপক্ষে শুরু করে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে ডুলির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

শুধু আজকের ম্যাচই নয়, অন্য দুই ম্যাচও বাংলাদেশের জন্য এক রকম পরীক্ষাই। আর এমন পরীক্ষাই হয়তো জানান দেবে সাফের আগে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ দল।

আরও পড়ুন