মেসির ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া নেই আর্জেন্টিনার
ব্যক্তির চেয়ে নাকি দল বড়। কিন্তু এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলকে দেখে যৌক্তিক কারণেই তা মনে হচ্ছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আর্জেন্টিনা দলের চেয়ে মেসি বড়!
কথাটি ইতিবাচক অর্থেই বলা। তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা এবং সন্দেহাতীতভাবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জাতীয় দল থেকে অবসর নেবেন। এমন লগ্নে আসলে দল ছাপিয়ে অবসর নিতে যাওয়া সেই খেলোয়াড়কে ঘিরেই বেশি আলোচনা হয়। মেসিকে ঘিরে তাই এই পরিস্থিতির উদ্ভব হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের পর এটাই লিওনেল স্কালোনির দলের প্রথম ম্যাচ। এরপর আগামী রোববার একই সময়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ বুরকিনা ফাসো। এরপর আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচে প্রতিপক্ষ বেনিন। মেসি এই ম্যাচ খেলে অবসর নেবেন আর্জেন্টিনা দল থেকে। স্বাভাবিকভাবেই তিনটি প্রীতি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার শেষ ম্যাচটি ঘিরেই আয়োজনের তোড়জোড় অনেক বেশি। তিনটি ম্যাচই ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা।
মেসি প্রথম দুটি ম্যাচে না খেললেও বলিভিয়া ম্যাচের আগে উঠেছে তাঁর প্রসঙ্গ। কিংবদন্তির অনুপস্থিতিতে এ দুটি ম্যাচে তাঁর ১০ নম্বর জার্সি কে পরবেন? আর্জেন্টিনা কোচ স্কালোনির এ নিয়ে কোনো তাড়া নেই। ১০ নম্বর জার্সি পরা কাউকে এ দুটি ম্যাচে দেখা যাবে না। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্কালোনি।
আর্জেন্টিনার কোচ বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য জার্সিটি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই, তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দিচ্ছি না। তবে এটা গায়ে জড়ানো কতটা বিশেষ এবং তা বিবেচনা করেই কেউ না কেউ একসময় এটি নেবে। যদিও ঠিক কাকে দেওয়া হবে, সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।’
গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এরপর বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে ঘরের মাঠ থেকে বিদায় তাঁকে আরও একটি ম্যাচ খেলতে রাজি করায়। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেনিন ম্যাচই হলো সে ম্যাচ। কিন্তু তার আগে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা যে পরিস্থিতিতে পড়েছে, সেটা তাঁদের জন্য অনেকটা অচেনা। মেসিকে ছাড়া প্রথম ম্যাচ!
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এমন নয় যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা ম্যাচ খেলেনি।সেটা হয় চোট কিংবা বিশ্রামের কারণে। কিন্তু এবার তো মেসি জাতীয় দলের পুরো চিত্রপটেরই বাইরে। কিংবদন্তিকে নিয়ে আর্জেন্টিনা এত দিন একভাবে খেললেও এবার তো খেলার ধাঁচ পাল্টানোর সময় এসেছে? ভবিষ্যতে তাকিয়ে বাস্তববাদী স্কালোনির কণ্ঠেও ঝরল সেই সুর, ‘আমরা ভিন্নভাবে খেলার উপায় খুঁজে নেব।’
স্কালোনি আরেকটু ব্যাখ্যা করলেন, ‘এই ম্যাচগুলো আসলে এসব পরীক্ষার জন্যই। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখার ওপরই নির্ভর করবে। সেখান থেকে আমরা দেখব কীভাবে মানিয়ে নেওয়া যায়।’
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে খেলাবেন স্কালোনি। একাদশ এখনো চূড়ান্ত করেননি। তবে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে খেলা অধিকাংশ খেলোয়াড়ই এ ম্যাচে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য পরিবর্তনগুলোর মধ্যে রাইটব্যাক পজিশনে মূল একাদশে দেখা যেতে পারে পালমেইরাস ডিফেন্ডার অগাস্টিন গিয়াইকে। বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এজেকিয়েল প্যালাসিওস। মিডফিল্ডে দেখা যেতে পারে ভ্যালেন্তিন বারকোকেও। মেসির অনুপস্থিতিতে প্লেমেকারের ভূমিকায় দেখা যেতে পারে কোমোর অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজকে।