‘২০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা’

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের গ্রুপিংয়ের আগে একটাই আলোচনা ছিল—এবার গ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ কোনটা হবে? গ্রুপিং শেষ হওয়ার আগেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে সবাই—এবারের চ্যাম্পিয়নস লিগে মৃত্যুকূপ ‘সি’ গ্রুপ।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান—তিন পরাশক্তিই যে পড়েছে গ্রুপ ‘সি’তে। চ্যাম্পিয়নস লিগের তিন সাবেক চ্যাম্পিয়ন দল একই গ্রুপে, এটাকে মৃত্যুকূপ না বলে উপায় কী! গ্রুপিং হয়ে যাওয়ার পর এটা নিয়েই আলোচনা হচ্ছে বেশি।

আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ইয়া ইয়া তোরের হাতে উঠে আসে বার্সেলোনার নাম
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল বার্সেলোনা। এবার ‘মৃত্যুকূপে’ পড়ায়, বার্সেলোনার সমর্থকদের মনে শঙ্কা জাগাটা স্বাভাবিক। ইস্তাম্বুলে ড্র অনুষ্ঠানে ছিলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর জর্দি ক্রুইফ ও ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইয়ুস্তে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনের কেউই মৃত্যুকূপের অস্বস্তি লুকাননি। জর্দি ক্রুইফ সরাসরিই বলেছিলেন—শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ক্লাবের বিপক্ষে খেলা, এটা কঠিনই হবে। এ মৃত্যুকূপ উপভোগের এবং ভোগান্তির।

আরও পড়ুন

অস্বস্তি যে বার্সেলোনা কোচ জাভির মধ্যেও আছে, সেটা বোঝা গেল আজ। আগামীকাল লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বার্সেলোনার সাবেক মিডফিল্ডারকে প্রশ্ন করা হয়েছিল।

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মৃত্যুকূপে পড়া নিয়ে জাভি বলেছেন, ‘আমরা যেকোনো প্রতিপক্ষকেই হারানোর চেষ্টা করব। নিশ্চিতভাবেই গত ২০ বছরের মধ্যে এটাই সবচেয়ে কঠিন গ্রুপ। তবে আমরা ভালো কিছু খেলোয়াড় কিনেছি এবং আমাদের আশা আছে।’

আরও পড়ুন