মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ওলট–পালট বিশ্ব ক্রীড়াঙ্গন

ফ্লাইট বাতিল হওয়ার কারণেও বিপাকে পড়ছেন অনেক খেলোয়াড়রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর বিরূপ প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করায় এরই মধ্যে ফুটবল–ক্রিকেটসহ একাধিক খেলার সূচি ওলট–পালট হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সামনের দিনগুলোয় আরও কিছু সূচি স্থগিত বা বাতিল হয়ে যেতে পারে। সংঘাতের প্রভাব এখন পর্যন্ত খেলার দুনিয়াকে কীভাবে প্রভাতি করেছে দেখে নেওয়া যাক।

ফুটবল

ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ সপ্তাহে মধ্যপ্রাচ্যে হতে যাওয়া মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে–অফ ম্যাচগুলো স্থগিত করেছে। এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে জানানো হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–তে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ আছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এএফসির সব মহাদেশীয় টুর্নামেন্টের ইস্ট রিজিয়নের (পূর্বাঞ্চলীয়) ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিবৃতিতে এএফসি লিখেছে, ‘দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সব খেলোয়াড়, দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এদিকে রোববার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ, যার আয়োজকও এএফসি। ১২টি জাতীয় দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, তাদের একটি ইরান।

এদিকে যুদ্ধ–পরিস্থিতির মধ্যে থাকা ইরান স্বাভাবিকভাবেই পার্সিয়ান গালফ প্রো লিগের কিছু ম্যাচ স্থগিত করেছে। অন্য দিকে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালানোর পর সে দেশে কাতার স্টারস লিগের ম্যাচ বাতিল হয়েছে।
কাতারের পাশাপাশি বিমান চলাচল বন্ধ সংযুক্ত আরব আমিরাতেও। লিভারপুলের অ্যাম্বাসেডর হিসেবে তিন সপ্তাহ আগে আবুধাবিতে যাওয়া গ্রায়েম সোনেস বিমানবন্দরে আটকে পড়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এখান থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বাতিল, এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। হোটেলে থাকব কয়েক দিন, আশা করি পরিস্থিতি শান্ত হবে।’

আরও পড়ুন

ক্রিকেট

মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় চলমান আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপক, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী এবং আয়োজক স্টাফদের ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বিকল্প পরিকল্পনাও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে সংকট তৈরি হয়েছে। দুবাই, আবুধাবি ও কাতারের প্রধান বিমানবন্দরগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এরপর তেহরান থেকে নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে জানানো হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যের এই সংকট টুর্নামেন্ট (বিশ্বকাপ) পরিচালনায় সরাসরি প্রভাব ফেলছে না। তবে আমরা স্বীকার করছি, বিপুলসংখ্যক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও ইভেন্ট–সংশ্লিষ্টরা গালফ অঞ্চলের বিমানবন্দর, বিশেষ করে দুবাই (ডিএক্সবি) ব্যবহার করে নিজ নিজ দেশে ফেরেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’

ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য
রয়টার্স

আইসিসি আরও যোগ করে, ‘আমাদের টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ইতিমধ্যে ভ্রমণ, লজিস্টিক ও নিরাপত্তা–সংক্রান্ত দলগুলোকে সক্রিয় করেছি। দিনরাত কাজ করে যাচ্ছি, যেন সংশ্লিষ্ট সবাই ন্যূনতম বিঘ্নে নিরাপদে নিজ নিজ দেশে ফিরতে পারেন।’

এদিকে গতকাল আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের ৫০ ওভারের ম্যাচ বাতিল করা হয়েছে। দুই দল এখন দুবাইয়ে আটকা পড়েছে। ক্ষেপণাস্ত্র হুমকি ও বিস্ফোরণের খবরে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন লায়ন্সের কোচিং স্টাফে থাকা ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো।

আরও পড়ুন

রয়টার্সের খবরে বলা হয়েছে, আবুধাবির কর্নিশ এলাকায় পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার তীব্রতায় আশপাশের জানালাগুলো কেঁপে ওঠে। আল ধাফরা ও আল বাতিন এলাকাতেও একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

লায়ন্স দলে সঙ্গে থাকা বেয়ারস্টো রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে দলের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বান জানান। আবুধাবিজুড়ে ক্ষেপণাস্ত্র হুমকি ও বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন।

১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজটি আয়োজন নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ফর্মুলা ওয়ান

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পড়েছে ফর্মুলা ওয়ানেও। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, মেলবোর্নে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি উপলক্ষে যাত্রা করতে গিয়ে এফ ওয়ান-সংশ্লিষ্ট অনেকের ফ্লাইট বাতিল হয়েছে। মেলবোর্ন গ্রাঁ প্রি সার্কিটে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ৮ মার্চ।

কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব দোহা ও দুবাই শনিবার বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার মেলবোর্ন গ্রাঁ প্রি–সংশ্লিষ্ট দলীয় ও আয়োজক স্টাফকে ভ্রমণপথ বদলাতে হয়েছে। কেউ কেউ হংকং ও সিঙ্গাপুর হয়ে বিকল্প রুটে যাচ্ছেন, আবার অনেকে সরাসরি পার্থে উড়ে গিয়ে সেখান থেকে ক্যান্টাস এয়ারলাইনসের ফ্লাইটে উঠছেন।

একজন এফ ওয়ান মুখপাত্র বলেন, ‘আমাদের পরের তিনটি রেস অস্ট্রেলিয়া, চীন ও জাপানে, মধ্যপ্রাচ্যে নয়। সেগুলো এখনো কয়েক সপ্তাহ দূরে। আমরা সব সময়ের মতো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন

টেনিস

দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ডাবলস ফাইনাল নিয়ে অনিশ্চয়তা থাকলেও শনিবার ম্যাচটি সূচি মেনেই খেলা হয়েছে। হেনরি প্যাটেন ও হারি হেলিওভারা ৭-৫, ৭-৫ সেটে মার্সেলো অ্যারেভালো ও মাতে পাভিচকে হারিয়ে শিরোপা জিতেছেন। এর আগে কাতার ওপেনও জিতেছেন তাঁরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেনিশ টেনিস তারকা হলগার রুনে লিখেছেন, ‘আজ দোহায়। আমরা সবাই নিরাপদ।’ সঙ্গে আকাশে ক্ষেপণাস্ত্রের পথের ছবি শেয়ার করেছেন। তবে ফ্লাইট স্থগিত হওয়ায় মেদভেদেভ ও অন্য প্রতিযোগীরা বর্তমানে দুবাইয়ে আটকে আছেন।

মোটোজিপি

আকাশসীমা–সংক্রান্ত বিধিনিষেধের কারণে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। এর প্রভাব পড়তে পারে মোটোজিপি দুনিয়ায়ও। মোটোজিপি সাংবাদিক সাইমন প্যাটারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মোটোজিপির পছন্দের এয়ারলাইন কাতার। প্যাডকের অনেকেরই আগামীকাল রাতের ব্যাংকক–দোহা ফ্লাইটে ওঠার কথা ছিল।’