নেইমার, ইব্রা, বেনজেমার পর এবার এমবাপ্পে—তারকাদের হাঁটুর চোট সারানো কে এই ‘অলৌকিক ডাক্তার’

সনারি-কটেটের সঙ্গে ইব্রাহিমোভিচইনস্টাগ্রাম

নেইমার, জ্লাতান ইব্রাহিমোভিচ, সের্হিও আগুয়েরো, আনসু ফাতি, করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে।

বারট্রান্ড সনারি-কটেটের জীবনবৃত্তান্তে যোগ হচ্ছে একের পর এক তারকা ফুটবলারের নাম। ফ্রান্সের ৫৮ বছর বয়সী এই চিকিৎসক ফুটবলের সঙ্গে এতটাই জড়িয়ে গেছেন যে কেউ হাঁটুর চোটে পড়লেই এখন তাঁর কাছে দৌড়ান। আর সনারি-কটেটও তাঁদের এমন যত্নের সঙ্গে সারিয়ে তুলছেন যে ফুটবলবিশ্বে অনেকেই তাঁকে ‘অলৌকিক ডাক্তার’ (মিরাকল ডক্টর) নামে ডাকা শুরু করেছেন।

সনারি-কটেট সর্বশেষ আলোচনায় এসেছেন এমবাপ্পের চিকিৎসার কারণে। গত ডিসেম্বর থেকে বাঁ হাঁটুর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (পিসিএল) চোটে ভুগছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। প্রায় তিন মাস ধরে চলা চোটের সঙ্গে লড়াইয়ে ৭টি ম্যাচ মিসও করেছেন।

সম্প্রতি রিয়াল মাদ্রিদের প্রধান চিকিৎসক নিকো মিহিচের পরামর্শে তিনি সনারি-কটেটের শরণাপন্ন হন। ফ্রান্সের এই চিকিৎসক ক্রীড়াবিদদের হাঁটুর আঘাতের চিকিৎসায় বিশ্বের অন্যতম নামকরা ট্রমাটোলজিস্ট। ২০২২ সালে তাঁর কাছে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচ।

অস্ত্রোপচার ও পুনর্বাসন সফলভাবে শেষ হওয়ার পর ইতালিয়ান ক্লাব এসি মিলান তাদের খেলোয়াড় ইসমায়েল বেননাসেরকে তাঁর কাছে পাঠিয়েছিল। সম্প্রতি রিয়ালের বিপক্ষে গুরুতর আঘাত পাওয়া ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার মুখটার দিয়াখাবিও তাঁর শরণাপন্ন হয়েছিলেন।

সনারি-কটেটের রিয়াল মাদ্রিদের সম্পর্ক অনেক দিনের, বিশেষ করে ২০১৪ সালে করিম বেনজেমার চিকিৎসা করার পর থেকে। ইউরোপীয় ফুটবলে জটিল লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে তাঁকে সেরা চিকিৎসক মনে করেন অনেকেই।

এমবাপ্পেও সনারি–কটেটের শরণাপন্ন হয়েছেন
ইনস্টাগ্রাম

মার্কার তথ্যমতে, প্রতিবছর তিনি ৬০০টির বেশি অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল এবং মাল্টি-লিগামেন্টের সফল চিকিৎসা করেন। তাঁর রোগীদের তালিকায় ছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারও। এ ছাড়া আর্জেন্টিনার সের্হিও আগুয়েরো, স্পেনের আনসু ফাতিরাও সনারি-কটেটের অস্ত্রোপচার টেবিলে পা দিয়েছিলেন।

ইউরোপীয় সোসাইটি অব স্পোর্টস ট্রমাটোলজির তথ্য, সনারি-কটেট মূলত ‘হাঁটুর পেশি এবং নরম টিস্যুর আঘাতের একচেটিয়া চিকিৎসা’ করে থাকেন। তিনি ফ্রান্সের লিওনে অবস্থিত ফিফা মেডিক্যাল এক্সিলেন্স সেন্টারের ‘সেন্টার অর্থোপেডিক স্যান্টির’ একজন পরামর্শক অর্থোপেডিক সার্জন হিসেবেও কাজ করেন। তাঁর ২৮০টির বেশি বৈজ্ঞানিক প্রকাশনা আছে।

আরও পড়ুন

সনারি-কটেট প্যারিসের ‘পিটি-সালপেট্রিয়ার’ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। দিয়ারিও এএসের প্রতিবেদনে বলা হয়, তিনি অর্থোপেডিক সার্জারিতে স্পেশালিস্ট ডিপ্লোমাধারী এবং তুলুজ ডক্টরাল স্কুল থেকে বিজ্ঞানে ডক্টরাল থিসিস সম্পন্ন করেছেন। এ ছাড়া সনারি-কটেট ফ্রেঞ্চ সোসাইটি অব আর্থ্রোস্কোপির প্রেসিডেন্ট, ইউরোপীয় সোসাইটি ফর নি সার্জারি, স্পোর্টস ট্রমাটোলজি অ্যান্ড আর্থ্রোস্কোপি এবং আমেরিকান একাডেমি অব অর্থোপেডিক সার্জনসের সদস্য।

হাঁটুর চোট চিকিৎসায় সনারি-কটেটের সফলতা খেলোয়াড়দের মধ্যে একজনের মাধ্যমে অন্যজনের কাছে তাঁর সুনাম ছড়িয়ে দিয়েছে। আর সে সূত্রেই রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল এমবাপ্পেকেও তাঁর কাছে পাঠিয়েছে। অস্ত্রোপচারের অবশ্য দরকার হয়নি। এমবাপ্পেকে চিকিৎসা-পরামর্শ দিয়েই মাদ্রিদে ফেরত পাঠিয়েছেন সনারি-কটেট। রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্টের আশা, ১১ মার্চ বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ম্যাচে এমবাপ্পেকে মাঠে নামানো যাবে।

আরও পড়ুন