কাতার শেষ আটে খেলবে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে

আবুধাবিতে অনুশীলনে আর্জেন্টিনা দলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপের স্বাগতিক দল ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। সেবার ফুটবল বিশ্বকে চমক উপহার দিয়ে দক্ষিণ কোরিয়া উঠেছিল শেষ চারে। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই মনে করেন, দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। সেবার কোরিয়া-জাপানে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আর এবার? দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে।

বিশ্ব পরিভ্রমণ করে বিশ্বকাপ ট্রফি কাতারে এসেছে আজ। সেখানে এক অনুষ্ঠানে এবারের বিশ্বকাপের নানা দিক নিয়ে কথা বলেছেন দেশাই। ফ্রান্সের সাবেক ডিফেন্ডারকে প্রশ্ন করা হয়েছিল, এবার কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে? এই প্রশ্নের উত্তরে দেশাই বলেছেন, ‘আর্জেন্টিনা, কেন নয়?’

আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি
ছবি: এএফপি

এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা দেশাই এরপর যোগ করেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’

তাহলে কি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কোনো সম্ভাবনা নেই? ফেবারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন ঠিক, দেশাই নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে, এটাই খেলাটির জাদু।’

আরও পড়ুন

খেলোয়াড়ি জীবনের একটা সময় কাতারেও কাটিয়েছেন দেশাই। সেখানে তিনি খেলেছেন কাতারের ক্লাব আল গারাফার হয়ে। ২০০৫ সালে ক্লাবটির হয়ে জিতেছেন কাতার স্টারস লিগ। তখনকার সময় থেকে কাতারের ফুটবল অনেক এগিয়েছে। সব মিলিয়ে দেশাই বলেছেন, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটা অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’

কাতার ফুটবল দল
ফাইল ছবি

ঘানায় জন্ম নেওয়া ফ্রান্সের সাবেক ফুটবলার দেশাই এবারের বিশ্বকাপে আফ্রিকার কোনো দেশকে দেখতে চান সেমিফাইনালে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো আফ্রিকান দেশ সেমিফাইনালে খেলতে পারেনি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানা শেষ আটে খেলেছিল। এরপর আফ্রিকা থেকে কোনো দল শেষ আটেও খেলতে পারেনি। সব মিলিয়ে দেশাই বলেছেন, ‘আমরা আশা করছি, আফ্রিকার দেশগুলো সেমিফাইনালে খেলবে। কারণ, বিশ্বকাপের ৯০ বছরের ইতিহাসে আফ্রিকার কোনো দেশ সেমিফাইনালে ওঠেনি।’

আফ্রিকা থেকে এবার বিশ্বকাপে খেলছে সেনেগাল, তিউনিসিয়া, মরক্কো ও ঘানা।