ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, রইল শুধু একটা ফুটবল

অন্য রকম অভিজ্ঞতা হলো ইংল্যান্ড দলেরইনস্টাগ্রাম

বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি ইংল্যান্ড দলের। তবে এর আগে অন্য রকম অভিজ্ঞতা হলো তাদের। সেটা অবশ্য সুখকর কোনো অভিজ্ঞতা নয়! কানসাস সিটিতে অনুশীলনে নামার আগে চুরি হয়ে গেছে হ্যারি কেইনদের ম্যাচের বুট।

ফ্লোরিডার প্রাক্‌-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ ক্যাম্পে সরঞ্জাম পরিবহনের সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

চুরি যাওয়া মালামালের মধ্যে বুটের পাশাপাশি অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ডেইলি মেইল জানিয়েছে,  চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে ‘মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।’

কানসাস সিটি পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এরই মধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ বুধবার
ইনস্টাগ্রাম

এই ঘটনায় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো কোনো মন্তব্য করেনি। চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করতে তারা এখন স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে করছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’–এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। এর আগে আজ বিকেলে টমাস টুখেলের দল প্রথমবারের মতো অনুশীলনে নামবে।

আরও পড়ুন