নেইমার ‘কফিনে’, রিচার্লিসন গাড়ি ধাক্কা মারতে চেয়েছিলেন দেয়ালে

নেইমার ও রিচার্লিসনএএফপি

শিরোপা জয়ের আশায় বিশ্বকাপে খেলতে গিয়ে আগেভাগে বিদায় নেওয়ার পর কেমন লাগে?

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরের অনুভূতি কিছুদিন আগে জানিয়েছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে ওই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল।

সেই হারের পর কেমন লেগেছে, তা নিয়ে ইউটিউবে সান্তোস সতীর্থদের নেইমার বলেছেন, ‘আমি নিজের অন্ত্যেষ্টিক্রিয়া দেখেছি। সৃষ্টিকর্তার নামে বলছি, আমার তখন এমনই মনে হচ্ছিল। একটা ছোট কক্ষে বসে ছিলাম, আর একের পর এক মানুষ আসছিল। আমার পরিবারের সদস্যরা এল, আরও অনেক মানুষ। সবার চোখ টকটকে লাল, কারও মুখে কোনো কথা নেই...মনে হচ্ছিল আমি কফিনের ভেতরে শুয়ে আছি আর সবাই এসে বলছে, “আরে, তুমি এখনো বেঁচে আছো?” ঠিক এমন অনুভূতিই হচ্ছিল আমার।’

সেই দলে নেইমারের সতীর্থ হিসেবে ছিলেন রিচার্লিসনও। শুধু দলে থাকা কী, সর্বশেষ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে অবিশ্বাস্য এক গোলও করেছিলেন টটেনহাম হটস্পারের এই তারকা। হেরে বিদায় নেওয়ার পর তাঁর কেমন লেগেছিল?

২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের সেই অবিশ্বাস্য গোল
রয়টার্স

ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন তাঁর অনুভূতি, ‘হতাশায় ডুবে গিয়েছিলাম। সব ধরনের দুর্ভাগ্যই যেন আষ্টেপৃষ্ঠে ধরেছিল আমাকে; টুর্নামেন্ট থেকে বিদায়, এজেন্টের বিশ্বাসঘাতকতা, সেই সঙ্গে যোগ হয়েছিল পারিবারিক ও স্বাস্থ্যগত সমস্যা। দেড় বছর ধরে আমি প্রতিদিন একের পর এক আঘাত সয়ে গেছি। এমন কোনো দিন ছিল না, যেদিন আমাকে নতুন কোনো ধাক্কা সামলাতে হয়নি।’

আরও পড়ুন

সেই দুঃসহ সময়ের কথা বলতে গিয়ে ব্রাজিলের এই তারকা আরও বলেন, ‘একদিন গাড়ি চালানোর সময় হুট করেই মনে হলো—গাড়িটা সজোরে দেয়ালে ধাক্কা দিই। এখন সেই দিনের কথা মনে পড়লে নিজেকে বলি, কত অর্থহীন চিন্তা ছিল!’ রিচার্লিসন যোগ করেন, ‘সেই প্রথম আমাকে একসঙ্গে এত সমস্যার মোকাবিলা করতে হয়েছিল। মনে হচ্ছিল আমি যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি।’

রিচার্লিসন টটেনহামের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে করেছেন ১০ গোল। তাঁর ক্লাব রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায়ও। ব্রাজিল জাতীয় দলেও রিচার্লিসনের জায়গা নিশ্চিত নয়। হাতে খুব বেশি সময়ও নেই। ২০২৬ বিশ্বকাপের জন্য আগামী ১৮ মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। রিচার্লিসনের আশা, এই স্কোয়াডে জায়গা হবে তাঁর।

টটেনহামের হয়ে এ মৌসুমে তেমন ভালো করতে পারেননি রিচার্লিসন
এএফপি

তবে বিশ্বকাপ দলে থাকলে একটি সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে রেখেছেন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার। তাঁর জাতীয় দলের সতীর্থ কাসেমিরো মনে করেন, মনোযোগে ব্যাঘাত না ঘটাতে বড় টুর্নামেন্টের সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা উচিত। রিচার্লিসন মনে করেন কাসেমিরোর কথাই ঠিক, ‘সে সঠিক...এবার বিশ্বকাপে থাকলে আমি আমার ফোন বাসায় রেখে যাব।’

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নিউ জার্সিতে ১৩ জুন মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

আরও পড়ুন