রাজা হতে রাজি নন উগান্ডার সেই ফুটবলার

জর্জ ডেসমন্ড কামুরাসি রাজা হচ্ছেন নাইনস্টাগ্রাম/এসই ডনস

লন্ডনের ফুটবল মাঠ থেকে উগান্ডার ঐতিহ্যবাহী রাজ্যের সিংহাসনে ওঠার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু রাজমুকুটের চেয়ে নিজের বর্তমান জীবনকেই বেছে নিলেন জর্জ ডেসমন্ড কামুরাসি।

ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের ৩৬ বছর বয়সী গোলকিপার ও অধিনায়ক কামুরাসি ছিলেন তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হওয়ার জন্য রয়্যাল সাকসেশন কমিটির প্রথম পছন্দ। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, কামুরাসি বলেছেন, তাঁর অন্য দায়িত্ব রয়েছে এবং তিনি রাজা হওয়ার দায়িত্ব নিতে পারবেন না। খবরটি জানিয়েছে রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডা।

আরও পড়ুন

কামুরাসি ছিলেন প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই। গত ২৭ আগস্ট ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে ক্যানসারে মারা যান ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুর পরই নতুন রাজা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

জর্জ ডেসমন্ড কামুরাসি
ইনস্টাগ্রাম/এসই ডনস

প্রথমে কামুরাসিকেই বেছে নিয়েছিল উত্তরাধিকার কমিটি। তবে তিনি সরে দাঁড়ানোর পর নতুন করে প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজা হওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়া কামুরাসি ফুটবলেই থাকছেন। ‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চির এই গোলকিপার এসই ডনসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির বিভিন্ন কনটেন্টেও নিয়মিত দেখা যায় তাঁকে।

এসই ডনস এবার প্রথমবারের মতো এফএ কাপে খেলছে। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তারা দ্বিতীয় বাছাইপর্বে উঠেছে। ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে তাদের ম্যাচ। রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কামুরাসির সামনে এখন সেই ম্যাচসহ ইংল্যান্ডের ফুটবলেই মন দেওয়ার সুযোগ।

উগান্ডার তোড়ো রাজ্যের রাজার অবশ্য নির্বাহী ক্ষমতা নেই। প্রেসিডেন্ট ও নির্বাচিত সংসদ রয়েছে দেশটিতে। তবে তোড়োসহ উগান্ডার কয়েকটি ঐতিহ্যবাহী রাজপরিবার এখনো সামাজিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন