বিশ্বকাপের এক মাস আগে কোচ হারাল কুরাসাও

ডাচ কোচ ফ্রেড রুটেনএএফপি

বিশ্বকাপে অভিষেকের এক মাস আগে বড় ধরনের সংকটে পড়ল কুরাসাও। তাদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেড রুটেন। গত সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) খবরটি জানায়।

জনসংখ্যার দিক থেকে কুরাসাও বিশ্বকাপে অংশ নেওয়া ক্ষুদ্রতম দেশ। ব্যক্তিগত কারণে ডিক অ্যাডভোকাট কুরাসাও কোচের দায়িত্ব ছাড়ার পর গত ফেব্রুয়ারিতে রুটেনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছিল। কিন্তু তিন মাস না যেতেই সরে দাঁড়ালেন ৬৩ বছর বয়সী ডাচ কোচ রুটেন। গুঞ্জন উঠেছে, তাঁর জায়গায় আবারও কুরাসাও কোচের পদে ফিরতে পারেন অ্যাডভোকাট।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) জানায়, নীতিনির্ধারকদের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’র পর রুটেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও রুটেন জানিয়েছেন, দলের স্থিতিশীলতা বজায় রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রুটেনের ভাষায়, ‘এমন কোনো পরিবেশ থাকা উচিত নয়, যা দল বা স্টাফদের মধ্যকার পেশাদার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই সরে দাঁড়ানোটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। হাতে সময় খুব কম, কুরাসাওকে এখন সামনের দিকে তাকাতে হবে। সব মিলিয়ে যেভাবে বিষয়গুলো এগোল, তাতে আমি মর্মাহত, তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে।’

ডিক অ্যাডভোকাট
রয়টার্স

রুটেনের অধীনে গত মার্চে দুটি প্রীতি ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরেছিল কুরাসাও। অস্ট্রেলিয়ার কাছে ৫-১ এবং চীনের কাছে ২-০ গোলে পরাজিত হয় তারা।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানি, ইকুয়েডর ও আইভরিকোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে ক্যারিবিয়ান সাগরের ক্ষুদ্র এ দ্বীপরাষ্ট্র। রুটেনের উত্তরসূরি হিসেবে কে কোচের দায়িত্ব নেবেন, তা এখনো জানায়নি কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে)।

আরও পড়ুন

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুটেনের বিদায়ে মূলত অ্যাডভোকাটের ফেরার পথ প্রশস্ত হলো বলে ধারণা করা হচ্ছে। অথচ মাত্র কয়েক দিন আগেই এ বিষয়ে কঠোর অবস্থানে ছিল দেশটির ফেডারেশন। দলের খেলোয়াড় ও স্পনসরদের পক্ষ থেকে অ্যাডভোকাটকে পুনরায় নিয়োগ দেওয়ার জোরালো দাবি উঠলেও গত শুক্রবার তা সরাসরি নাকচ করে দিয়েছিল এফএফকে। কিন্তু রুটেনের পদত্যাগের পর এখন সে সিদ্ধান্ত থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত নভেম্বরে ৭৮ বছর বয়সী ডাচ কোচ অ্যাডভোকাটের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কুরাসাও। তবে গুরুতর অসুস্থ মেয়ের পাশে থাকতে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। গত সোমবার ডাচ সংবাদমাধ্যম জানায়, মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অ্যাডভোকাট এখন আবারও কুরাসাওয়ের কোচের দায়িত্বে ফিরতে আগ্রহী।

সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কুরাসাও ড্রেসিংরুমের বড় একটি অংশ অভিজ্ঞ এই কোচের ফেরার পক্ষে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অ্যাডভোকাট ডাগআউটে দাঁড়ালে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়বেন। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ মিশন শুরু হবে।

আরও পড়ুন