মরক্কো নয়, আফকন শিরোপা সেনেগালের
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে একা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছিল সেনেগাল। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে তারা।
সিএএস এক বিবৃতিতে বলেছে, ‘আফ্রিকা কাপ অব নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’ এর ফলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পাওয়া সেনেগালের মূল জয় পুনর্বহাল করা হয়েছে।
এর আগে গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।
জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকা অবস্থায় স্বাগতিক মরক্কো পেনাল্টি পায়। এই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড়। পরে অবশ্য তাঁরা আবার মাঠে ফিরে আসেন এবং খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল করে ১-০ ব্যবধানে জেতে সেনেগাল।
তবে মাঠ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সিএএফের আপিল কমিটি। আফকনের নিয়মাবলির ৮২ ও ৮৪ নম্বর ধারা উল্লেখ করে তারা জানিয়েছিল, কোনো দল রেফারির অনুমতি ছাড়া খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেলে কিংবা খেলতে অস্বীকৃতি জানালে সেই দলকে পরাজিত ঘোষণা করে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
কিন্তু সিএএসের পর্যবেক্ষণ, সেনেগালের খেলোয়াড়েরা শেষ পর্যন্ত মাঠে ফিরে এসেছিলেন। এমনকি রেফারিও খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালতের মতে, খেলা পুনরায় শুরুর মাধ্যমে রেফারি বুঝিয়েছেন, ম্যাচ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল। তাই এই ঘটনায় আফকনের ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগ করা যায় না।
সিএএসের এই রায়ের ফলে মার্চে সিএএফের দেওয়া সিদ্ধান্ত বাতিল হয়েছে। আর নিজেদের মাঠের লড়াইয়ে অতিরিক্ত সময়ে পাওয়া ১-০ গোলের জয় ফিরে পাওয়ার পাশাপাশি আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপাও ফিরে পেয়েছে সেনেগাল।