রাফিনিয়া ২৮ দিনের বেশি মাঠের বাইরে থাকলেই প্রতিদিন ২৯ লাখ টাকা পাবে বার্সা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে গত ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। তখনই জানা গিয়েছিল, ন্যূনতম পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গারকে। সেই সময় বার্সার কাছে অনুমতি নিয়ে ব্রাজিলে যান রাফিনিয়া। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করেন সেখানেই। তারপর আজ সকালে পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, আগামী ১০ মে লা লিগায় ‘এল ক্লাসিকো’ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন রাফিনিয়া।
ফিফার আন্তর্জাতিক বিরতিতে রাফিনিয়া চোট পাওয়ায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ক্লাব প্রটেকশন প্রোগ্রামের (সিপিপি) নিয়ম অনুযায়ী এ ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে বার্সার। তবে সিপিপির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চোটে পড়লে তাঁর মাঠে না ফেরার প্রথম চার সপ্তাহ বা ২৮ দিন পর্যন্ত সে খেলোয়াড়ের ক্লাবকে কোনো ক্ষতিপূরণ দেয় না ফিফা।
তবে রাফিনিয়া যদি ২৮ দিনের বেশি মাঠের বাইরে থাকলে ভিন্ন হিসাব। ২৮ দিন পেরিয়ে যাওয়ার পর প্রতিদিনের জন্য ফিফার কাছ থেকে ২০ হাজার ৫৪৮ ইউরো (প্রায় ২৯ লাখ টাকা) করে পাবে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ৭৫ লাখ ইউরো (প্রায় ১০৫ কোটি ৯৪ লাখ টাকা) পেতে পারে কাতালান ক্লাবটি।
রাফিনিয়া অবশ্য দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা করছেন। তেমনটি হলে তাঁর চোটের কারণে ফিফার ক্ষতিপূরণের অঙ্ক অতটা বড় হবে না।
বার্সার ১১ নম্বর জার্সির এই খেলোয়াড় পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকলে ক্লাবটি সর্বোচ্চ দেড় লাখ ইউরো পেতে পারে। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে যে পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বার্সাকে, সেই তুলনায় এই ক্ষতিপূরণ আসলে কিছুই না। কারণ, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে পারলে ১ কোটি ৫০ লাখ ইউরো প্রাইজমানি হিসেবে পাবে বার্সা।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আগামী বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ১৪ এপ্রিল রাতে ফিরতি লেগ। চোটের কারণে রাফিনিয়াকে এ দুটি ম্যাচে না পাওয়াটা বার্সার জন্য বড় ধাক্কা। ৩১ ম্যাচে ১৯ গোল করা রাফিনিয়া চলতি মৌসুমে লামিনে ইয়ামালের পরই বার্সার সর্বোচ্চ গোলদাতা।
আন্তর্জাতিক বিরতিতে রাফিনিয়া চোট পাওয়ার আগেও ছিলেন দুর্দান্ত ফর্মে। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং নিউক্যাসলের বিপক্ষে করেন জোড়া গোল।
রাফিনিয়া চোট পাওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছিল, প্রীতি ম্যাচের এই চোট নিয়ে ফিফার কাছে নালিশ করবে বার্সা।
চলতি মৌসুমে ভালোই চোটে পড়লেন রাফিনিয়া। মৌসুমে এটা তাঁর চতুর্থ চোট। প্রথম চোটে পড়েন গত সেপ্টেম্বরে, যার ফলে মাঠের বাইরে থাকতে হয়েছিল ১১ ম্যাচ। মাঝে সামান্য চোটের কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি। গত ফেব্রুয়ারিতেও লা লিগা ও কোপা দেল রে-তে তিনটি ম্যাচে তাঁকে পায়নি বার্সা। এবার মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আবারও পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেলেন রাফিনিয়া।