গোল করছেন, করাচ্ছেন—বিশ্বকাপে এমন মেসিকেই দেখার অপেক্ষা
বিশ্বকাপ এগিয়ে আসার আগে ২০২৬ সালে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। তাতে নতুন ঘরে জয়হীন থাকার ‘অভিশাপ’ও কাটাল ইন্টার মায়ামি।
এমএলএসে আজ বাংলাদেশ সময় ভোরে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মায়ামি। ম্যাচে ৩১ মিনিটে নিজে গোল করার পর ৪২ মিনিটে দারুণ এক পাসে মেক্সিকোর ফরোয়ার্ড এরমান বের্তারেমকে দিয়ে গোল করান মেসি। এতে নিজেদের নতুন মাঠ নু স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি।
৩৮ বছর বয়সী মেসি ম্যাচে প্রায় পুরো সময়ই পোর্টল্যান্ডের রক্ষণের পরীক্ষা নেন। বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে মেসি বুঝিয়ে দেন, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে তিনি কতটা প্রস্তুত।
৩১ মিনিটে মায়ামি মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাস পেয়ে গোল করেন মেসি। ক্যারিয়ারে এটা তাঁর ৯১০তম গোল। তবে ম্যাচে তাঁর সেরা মুহূর্ত পরের গোলটি। বক্সের ভেতরে বল নিয়ে ঢুকে পোর্টল্যান্ড রক্ষণকে যেভাবে ছিঁড়েখুঁড়ে ফেলেন, তাতে মেসির ১০ বছর আগের সময় মনে পড়তে পারে কারও কারও।
লুইস সুয়ারেজের সঙ্গে বল আদান-প্রদান করে দ্রুত গতিতে পোর্টল্যান্ডের বক্সে ঢোকেন মেসি। প্রতিপক্ষ দলের চারজন মিলে তাঁকে ঠেকানোর চেষ্টা করেও পারেননি। শেষ মুহূর্তে বাঁ প্রান্তে একটু ফাঁকায় দাঁড়ানো বের্তারেমকে পাস দেন এবং সেখান থেকে গোল করতে আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের কোনো অসুবিধাই হয়নি।
বিরতির পর গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর একটি শট পোর্টল্যান্ডের পোস্ট ঘেঁষে যায়। ফ্রি–কিক থেকে মেসির শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়েও দেন পোর্টল্যান্ড গোলকিপার জেমস প্যান্টেমিস।
গত মাসে উদ্বোধন করা নু স্টেডিয়ামে এটা ছিল মায়ামির পঞ্চম ম্যাচ। ২৭ হাজার আসনের এ স্টেডিয়ামে তিন ম্যাচ ড্র করেছে মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে এ মাঠেই ৩-০ গোলে এগিয়ে থাকার পর হেরেছে ৪-৩ গোলে। শেষ পর্যন্ত পোর্টল্যান্ডের বিপক্ষে নতুন স্টেডিয়ামে জয়খরা কাটাতে পারল মায়ামি।
বিশ্বকাপ সামনে রেখে গত মাস থেকেই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মেসি। মায়ামির সর্বশেষ চার ম্যাচেই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করালেন। এ বছর এমএলএসে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি ৬ গোল করিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী মেসি এবারের বিশ্বকাপে খেলবেন কি না, সেটা এখনো পরিষ্কার করে বলেননি। তবে খেলার সম্ভাবনাই অনেক বেশি। তাঁকে ৫৫ জনের প্রাথমিক দলেও রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।