বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমারের বদলি নিয়ে এ কোন নাটক

ভুলভাবে বদলি হয়ে রেফারির সঙ্গে তর্ক করছে নেইমারএএফপি

আজ সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সময় একটি নামের দিকে চোখ থাকবে সবার—নেইমার। গতকাল রাতে নিজেকে প্রমাণের জন্য শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু এমন ম্যাচেই নেইমার শিকার হয়েছেন অদ্ভুত এক প্রহসনের।

ব্রাজিলিয়ান লিগে কোরিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচের দ্বিতীয়ার্ধে ফোর্থ অফিশিয়ালের ভুলে বদলি হিসেবে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে মাঠ ছাড়তে হওয়ায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। রাগে-ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এই ফরোয়ার্ডকে।

গতকাল রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। ঠিক তখনই চতুর্থ অফিশিয়াল বদলির বোর্ডে ১০ নম্বর দেখান। তখন ম্যাচের ৬৫ মিনিট। সেই অফিশিয়াল বদলির এই বোর্ড দেখিয়ে নেইমারের বদলি হিসেবে নামানোর ঘোষণা দেন রবিনিও জুনিয়রকে।

আরও পড়ুন

কিন্তু বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি তৈরি হয়। আসলে বদলি হওয়ার কথা ছিল গনসালো এস্কোবারের। এমন পরিস্থিতিতে রেফারি বা লাইনসম্যানের অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েন নেইমার এবং তাঁকে তাৎক্ষণিকভাবে হলুদ কার্ডও দেখান রেফারি।

এরপর ক্ষুব্ধ নেইমার কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান। তিনি বোঝান, এস্কোবারের বদলির নম্বরের জায়গায় ভুল করে তাঁর জার্সি নম্বর দেখানো হয়েছে। শেষ পর্যন্ত নেইমার মাঠ ছাড়েন এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন এস্কোবারের হাতে।

বেঞ্চে বসে আছেন হতাশ নেইমার
রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোস এক বিবৃতিতে জানায়, ‘চতুর্থ কর্মকর্তা বদলির ক্ষেত্রে ভুল করেছেন। টেলিভিশনের ফুটেজ ও কর্মকর্তাদের ব্যবহৃত নোটেও সেটি পরিষ্কার দেখা গেছে। অথচ এই অবিশ্বাস্য ভুলটি আর সংশোধন করা হয়নি।’

রেফারি পাওলো সেজার জানোভেলি দা সিলভার সই করা ম্যাচের প্রতিবেদনে দাবি করা হয়, ভুলটা সান্তোসের পক্ষ থেকেই হয়েছে। নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সান্তোসের সহকারী কোচ সিজার সাম্পাইও। ব্রাজিলের সাবেক এ ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে দলের কোচিং স্টাফে আছেন। প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ কর্মকর্তার ঘোষণায় যে বিভ্রান্তি তৈরি হয়, তার সূত্রপাত হয় সাম্পাইওয়ের দেওয়া সেই নির্দেশ থেকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ম্যাচের ২০তম মিনিটে চতুর্থ কর্মকর্তা ব্রুনো মোতা কোরেইয়াকে সান্তোসের সহকারী কোচ কার্লোস সেজার সাম্পাইও ক্যাম্পোস মৌখিকভাবে জানান যে একটি বদলি হবে এবং সেই বদলিতে নেইমারকে তুলে নেওয়া হবে। তখন তিনি চিকিৎসা নেওয়ার জন্য মাঠের বাইরে ছিলেন। তথ্যটি পাওয়ার পর চতুর্থ কর্মকর্তা বদলির বোর্ড হাতে নিয়ে আবার সান্তোসের সহকারী কোচের দিকে ফিরে বিষয়টি নিশ্চিত হতে চান। তখন তিনি কথায় ও ইশারায় সেই বদলির বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে ম্যাচ ডেলিগেট গিলহার্মে জানগারি দা রোশার সঙ্গে মিলে বদলির স্লিপ পূরণ করা হচ্ছিল। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং পুরো বিষয়টি শুনেছেন।’

আরও পড়ুন

শুধু বদলি নাটকই নয়, নেইমারের চোট নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত। কুকা আরও বলেন, ‘ও যে আঘাত পেয়েছে, সেটা পেশিতে নয়। তাই বুধবারের ম্যাচে ওকে পাওয়া কঠিনই মনে হচ্ছে। তবে এটা বড় কিছু নয়। চার-পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। জাতীয় দলে ডাক পাওয়া বা না–পাওয়া আমাদের ভাবনায় প্রভাব ফেলছে না, আমরা এখন নিজেদের নিয়েই ভাবছি।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯)। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

‘সি’ গ্রুপ থেকে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ জুন ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।