ফর্টিস পারলেও পারেনি পুলিশ

সিরিয়ার আল আহলি আলেপ্পোর কাছে হেরেছে বাংলাদেশ পুলিশ এফসিএএফসি

‎‎মঙ্গলবার বিকেলে ঢাকার কিংস অ্যারেনায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে পা রেখেছে ফর্টিস। প্রায় ছয় ঘণ্টা পর আজ রাতে একই প্রতিযোগিতায় সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলি আলেপ্পোর কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসি।

‎‎জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল আলেপ্পোর। আক্রমণেও ছিল তাঁরা এগিয়ে। যদিও গোল পেতে ৪৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে আলেপ্পোকে উদ্‌যাপনের উপলক্ষটা এনে দেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজ। ৪৪ মিনিটে পুলিশের রক্ষণভাগ ডিঙিয়ে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

‎‎বিরতির পর অবশ্য পুলিশ গোল শোধে মরিয়া হয়ে একাধিক আক্রমণ করে; কিন্তু আলেপ্পোর রক্ষণ যেন পুলিশের জন্য দেয়াল হয়ে যায়। আলেপ্পোও আক্রমণের গতি কমায়নি। তবে পুলিশের রক্ষণভাগ দ্বিতীয়বারের মতো আর ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পুলিশকে। ‎

জর্ডান রদ্রিগেজের গোলে জিতেছে আল আহলি আলেপ্পো
এএফসি

‎এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তৃতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগে পুলিশ এফসি এবারই প্রথম খেলল।‎

আরও পড়ুন


‎নিয়ম অনুযায়ী বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা; কিন্তু গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার দলবদলে নিষেধাজ্ঞা থাকায় ক্লাব লাইসেন্সিংয়ের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। ফলে তৃতীয় হওয়া ফর্টিস এবং চতুর্থ পুলিশ এফসি ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করে পেয়ে যায় এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।

আরও পড়ুন