সেই কিরগিজ ক্লাবকে হারিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাধা পেরিয়ে গেল বাংলাদেশের ফর্টিস এফসিপ্রথম আলো

ঘরের মাঠের সুযোগ আর কৌশলী ফুটবল দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাধা পেরিয়ে গেল বাংলাদেশের ফর্টিস এফসি। আজ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিলিমিনারি প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠে গেছে ফর্টিস।

এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নেমেছিল গত বাংলাদেশ লিগে তৃতীয় হওয়া করপোরেট ক্লাব ফর্টিস এফসি। ম্যাচ ফিটনেসের ঘাটতি মেটাতে স্কোয়াডকে ঢেলে সাজায় ক্লাবটি। একাদশে তিন স্থানীয় ফুটবলারের সঙ্গে আটজন বিদেশি খেলোয়াড় নিয়ে সাজায় একাদশ।

শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেইরা, নেপালের আরিক বিস্তা, গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর সঙ্গে আবাহনী থেকে ধার আনা দুই ফরোয়ার্ড ইব্রাহিম ও ইনসান এবং সেন্ট্রাল ব্যাক ও লেফট ব্যাকে দুই জাপানি শিহান ও মিমোমুরাকে নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ গড়ে তোলেন ফর্টিস কোচ মাসুদ কায়সার।

অন্যদিকে শীতপ্রধান দেশের দল মুরাস ইউনাইটেডের সামনে বড় পরীক্ষা ছিল ঢাকার দুপুরের আর্দ্র গরম ও রোদ। লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড়ে গঠিত কিরগিজ ক্লাবটির একাদশে ইউক্রেনের তিনজন (গোলকিপার কস্তায়েক, দুই ডিফেন্ডার আন্দ্রেই বাতসুলা ও রেকভ) এবং ঘানা ও বেলারুশের একজন করে বিদেশি খেলেন। কিন্তু গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে তারা শুরু থেকেই খাবি খায়।

ম্যাচের শুরু থেকে দুই দলই রক্ষণ সামলে সতর্কভাবে খেলেছে।  মাঝমাঠে লড়াই হলেও প্রথমার্ধে ফর্টিসই বেশি সুযোগ তৈরি করে। এর মধ্যেই গাম্বিয়ান অধিনায়ক পা ওমর বাবুর একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বারে লাগলে গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা।

এদিকে ৩৭ মিনিটে মুরাস ইউনাইটেডের সেরা তারকা ১০ নম্বর খেলোয়াড় জাপারভ আমির চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় সফরকারীরা। প্রথমার্ধে গোলকিপার ফর্টিসের সুজান পেরেইরাও কিরগিজ মিডফিল্ডার আতাবায়েভের একটি বিপজ্জনক শট ঠেকিয়ে ফর্টিসকে ম্যাচে রাখেন।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফর্টিস। ৫২ মিনিটে ম্যাচের রূপ বদলে দেন আবাহনী লিমিটেডে থেকে ধারে আসা ফরোয়ার্ড ইব্রাহিম। মাঝমাঠের একটু সামনে থেকে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন পা ওমর। বল দেন ইব্রাহিমকে।

এরপর বক্সের ওপর থেকে সোজাসুজি জোরালো গড়ানো শটে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে তোলেন (১-০)।

দারুণ গোল করেন ইব্রাহিম
তানভীর আহাম্মেদ

এর পরপরই কর্নার থেকে নেপালের অনন্ত তামাংয়ের নেওয়া শট মুরাস গোলকিপার কোনোমতে কর্নারের বিনিময়ে আটকান।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে অলআউট আক্রমণে যায় মুরাস ইউনাইটেড। ফলে শেষ দিকে ফর্টিসের রক্ষণ ও গোলরক্ষক সুজন পেরেইরাকে কিছুটা ব্যস্ত সময় পার করতে হয়। ৭৪ মিনিটে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়।

মরসাদের শট বক্সে নেপালের মিডফিল্ডার আরিক বিস্তার গাতে লাগলে বাহরাইনের রেফারি কোনো দ্বিধা না করে পেনাল্টির বাঁশি বাজান। তবে ভাগ্য সহায় ছিল ফর্টিসের। মুরাসের মিডফিল্ডার শিমোমুরার নেওয়া শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকেরা।

এই জয়ে গ্রুপ পর্বে ফর্টিস
প্রথম আলো

গ্যালারিতে অফিশিয়াল দর্শক সংখ্যা অফিশিয়ালি ২ হাজার ১১৩ জন হলেও উন্মাদনার কোনো কমতি ছিল না। গ্যালারির এক পাশে ঢাক-ঢোল বাজিয়ে সমর্থকেরা নাচে-গানে পুরো ম্যাচ উদ্‌যাপন করেন। গত বছর ঠিক এই সময়ে (১২ আগস্ট) ঢাকা স্টেডিয়ামে শারীরিক শক্তিতে এগিয়ে থাকা কিরগিজ ক্লাবের কাছে আবাহনী ২-০ গোলে হেরেই একই প্রতিযোগীতা থেকে বিদায় নিয়েছিল।

২০২৬-২৭ মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিশিয়াল ড্র হবে এ মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে।  আজ রাতেই একই প্রতিযোগিতায় জর্ডানের মাঠে নামছে বাংলাদেশ লিগের চতুর্থ দল পুলিশ এফসি।

আরও পড়ুন