মিউনিখে ‘মিরাকলে’র আশায় বায়ার্ন

ইতিহাদে গতকাল ম্যান সিটির অনুশীলনে আর্লিং হলান্ড। মিউনিখে আজ বায়ার্নের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাঁকে ঘিরেইছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখ কি এবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারবে?

ক্রীড়া পরিসংখ্যানবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান অপ্টা স্পোর্টসের সুপারকম্পিউটার বলছে, সেই সম্ভাবনা মাত্র ৪.১ ভাগ!

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগটা আজ বায়ার্ন খেলবে নিজেদের মাঠে। ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ে তারা ছয়বারের চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ দলটার নাম ম্যানচেস্টার সিটি, যারা কখনো চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালই খেলেছে মাত্র একবার। তারপরও যে আজ বায়ার্ন সম্ভাবনায় এত পিছিয়ে; এর কারণ, সিটির মাঠে প্রথম লেগটা টমাস টুখেলের দল হেরে এসেছে ৩-০ গোলে।

এমন নয় যে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এর আগে প্রথম লেগ ৩ গোলের ব্যবধানে হেরে কোনো দল পরের রাউন্ডে যায়নি। যাওয়ার উদাহরণ আছে, তবে সেটা চ্যাম্পিয়নস লিগের এত বছরের ইতিহাসে মাত্র পাঁচবার। সর্বশেষ কীর্তিটা লিভারপুলের, ২০১৮-১৯ মৌসুমের সেমিফাইনালে বার্সেলোনার কাছে প্রথম লেগ ৩-০ গোলে হেরে লিভারপুল ফিরতি লেগ জিতেছিল ৪-০ গোলে। মিউনিখ অ্যারেনায় আজ এ রকমই কিছু করতে হবে বায়ার্নকেও।

সমস্যা হচ্ছে, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিন-চারটা গোল করার মতো দল এই মুহূর্তে বায়ার্নকে মনে হচ্ছে না। রবার্ট লেভানডফস্কি বার্সায় চলে যাওয়ার পর থেকেই একজন নিখাদ স্ট্রাইকারের অভাবে ভুগছে বায়ার্ন। টমাস মুলার, লিরয় সানে কিংবা সার্জ নাবরিরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন বিভিন্ন সময়ে।

একদিকে যখন বায়ার্নের এই স্ট্রাইকার–সংকট, অন্যদিকে তখন সিটির হয়ে আর্লিং হলান্ড গোলের পর গোল করে রেকর্ডের পর রেকর্ড ভেঙে যাচ্ছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ৪০ ম্যাচে ৪৭ গোল হয়ে গেছে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের, এর মধ্যে চ্যাম্পিয়নস লিগেই মাত্র ৭ ম্যাচে করেছেন ১১ গোল। নিজেরা গোল দেওয়ার চেষ্টা করার চেয়ে আজ বায়ার্ন মিউনিখকে বেশি ব্যস্ত থাকতে হতে পারে হলান্ডকে গোল করা থেকে বিরত রাখার কাজেই।

এদিকে সিটির বিপক্ষে প্রথম লেগের দিনই দুই বায়ার্ন সতীর্থ সাদিও মানে ও লিরয় সানের মারামারির ঘটনায় বায়ার্নের ড্রেসিংরুমও কিছুটা অস্থির। কোচ টমাস টুখেল অবশ্য বলছেন, সেই দ্বন্দ্বের মিটমাট হয়ে গেছে দুজনের মধ্যে, এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মানে দলেও ফিরছেন। কিন্তু এই অস্থিরতার প্রভাব কিছুটা হলেও যদি খেলায় পড়ে, বায়ার্নের ঝামেলা বাড়বে বৈকি! সব মিলিয়ে টুখেলের দলের আজ অগ্নিপরীক্ষাই বলা যায়।

রাতের অন্য ম্যাচটায় বেনফিকার বিপক্ষে স্পষ্টতই এগিয়ে ইন্টার মিলান। লিসবনে ২-০ গোলে জিতে আসা ইন্টার আজ খেলবে নিজেদের মাঠে। সমস্যা হচ্ছে সিমোন ইনজাঘির দলের ফর্ম মোটেও ভালো নয়। বেনফিকার বিপক্ষে প্রথম লেগের জয়টাই সর্বশেষ ৮ ম্যাচে ইন্টারের একমাত্র জয়।

সিরি ‘আ’তে মৌসুমটা বেশ বাজে কাটছে ইন্টারের। গত মৌসুমের শেষ দিন পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকা দলটা এবার ৩০ ম্যাচ শেষে ৫ নম্বরে। শীর্ষে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান ২৪। লিগ জেতার আশা যেহেতু নেই, চ্যাম্পিয়নস লিগটাই এখন ইন্টারের একমাত্র আশার জায়গা। লাওতারো মার্তিনেজ-এডিন জেকো-রোমেলু লুকাকুরা নিশ্চয়ই সুযোগটা হেলায় হারাতে চাইবেন না।