দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসুরি দুজন আর্জেন্টাইন কারা

দি মারিয়া এখন আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেনদি মারিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন আনহেল দি মারিয়া। ৩৮ বছর বয়সী উইঙ্গার এখন খেলছেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে তাঁর শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। এই ক্লাবের হয়েই গত ১৩ আগস্ট কোপা লিবার্তোদোরেস শেষ ষোলোর প্রথম লেগে দারুণ একটি মাইলফলকের দেখা পান দি মারিয়া। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ীর কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে সেটা ছিল ১০০০তম ম্যাচ।

বিশ্বজুড়ে খুব বেশি ফুটবলার পেশাদার ক্যারিয়ারে এই মাইলফলকের দেখা পাননি। ফুটবলের তথ্যপঞ্জি সংরক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের ওয়েবসাইট অনুযায়ী, শীর্ষ পর্যায় থেকে সব ধরনের আঞ্চলিক লিগ, অপেশাদার লিগ, বয়সভিত্তিক দল ও বাতিল হওয়া ম্যাচ মিলিয়ে ন্যূনতম ১০০০ ম্যাচ খেলেছেন ৮২ ফুটবলার।

তবে শুধু শীর্ষ পর্যায়ের লিগ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কাপ প্রতিযোগিতা, আন্তর্জাতিক টুর্নামেন্ট ও অনূর্ধ্ব-২৩ দল বিবেচনায় তালিকাটা ছোট হয়ে আসে। আরএসএসএসএফের হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে ন্যূনতম ১০০০ ম্যাচ খেলেছেন ৩২ ফুটবলার। দি মারিয়া তাতে সর্বশেষ সংযোজন। উইকিপিডিয়ার তালিকায় এই মাইলফলক ছোঁয়া ৬৩ জন ফুটবলারের মধ্যেও আছেন দি মারিয়া।

৩৮ বছর বয়সেও দাপিয়ে খেলে যাচ্ছেন দি মারিয়া
দি মারিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত দি মারিয়ার ম্যাচসংখ্যা ১০০২টি।আরএসএসএসএফের ওয়েবসাইটে তাঁর নামের পাশে অবশ্য ম্যাচসংখ্যা একটি কম। গতকাল আর্জেন্টিনার শীর্ষ লিগে তাল্লেরাসের বিপক্ষে রোজারিওর হয়ে দি মারিয়ার খেলা ম্যাচটি সেখানে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। কোপা লিবার্তোদোরেস শেষ ষোলো ফিরতি লেগ পর্যন্তই হালনাগাদ করা হয় আরএসএসএসএফের ওয়েবসাইটে।

আরও পড়ুন

আর্জেন্টাইন ফুটবলে দি মারিয়া এই মাইলফলকের দেখা পাওয়া প্রথম ফুটবলার নন। তাঁর দুজন পূর্বসূরি আছেন। একজন দি মারিয়ারই এক সময়ের সতীর্থ লিওনেল মেসি। অন্যজন সাবেক ফুলব্যাক হাভিয়ের জানেত্তি। আরএসএসএসএফের হিসাবে মেসি শুধু শীর্ষ পর্যায়েই খেলেছেন ১১৬৮ ম্যাচ। যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’র হিসাবে সেটা ১১৭০ ম্যাচ। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী জানেত্তি আরএসএসএসএফের হিসাবে শীর্ষ পর্যায়ে খেলেছেন ১০৮১ ম্যাচ। এল গ্রাফিকোর হিসাবে ১০৯৯ ম্যাচ।

প্রথম আলো গ্রাফিকস

২০০৫ সালের ১৪ ডিসেম্বর রোজারিওর হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক দি মারিয়ার। ইউরোপে বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন। লিগ জিতেছেন পর্তুগাল, স্পেন, ফ্রান্সে এবং চ্যাম্পিয়নস লিগ জেতেন রিয়ালের হয়ে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েছেন ১৪৫ ম্যাচ।

কোচ লিওনেল স্কালোনির হাত ধরে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম সেরা সময়ের সারথিও দি মারিয়া। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জিতেছেন বিশ্বকাপ ও ফিনালিসিমা। ক্যারিয়ারে সব মিলিয়ে ২৪৩ গোল করার সঙ্গে ২৮৪টি গোল করিয়েছেন দি মারিয়া। লাল কার্ড দেখেছেন ১০ বার।

আরও পড়ুন