মেসির জার্সিটা চাই—মায়ের নামে শপথ বেনিন ডিফেন্ডারের

বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিয়ানিতিয়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডল

‘ম্যাচ নয়, পার্টি হবে।’

কথাটা বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিয়ানির। বলেছেন, মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়ে। এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জানা থাকলে তিয়ানির কথাটা প্রাসঙ্গিকই লাগবে।

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শেষ প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। জাতীয় দলের হয়ে এটা মেসির বিদায়ী ম্যাচ বলেই সূচিটা আলাদা গুরুত্ব পাচ্ছে।

তিয়ানিরও মনে হচ্ছে, এই ম্যাচে ফুটবল খেলার ততটা গুরুত্ব নেই, যতটা গুরুত্ব মেসিকে শেষবারের মতো আকাশি–সাদা জার্সিতে দেখার। অন্য সবার মতো তিয়ানিও ম্যাচটা এভাবেই উপভোগ করতে চান। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের সামনে তিয়ানি তাঁর মায়ের নামে একটি শপথও করেন। এই ম্যাচে যেকোনোভাবেই হোক, মেসির জার্সিটা চাই তিয়ানির।

আর্জেন্টিনা দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলনে হাস্যোজ্জ্বল মেসি
এএফএ ফেসবুক পেজ

বেনিনের ২৯ বছর বয়সী এ ডিফেন্ডার যখন জানতে পারলেন, মেসির বিদায়ী ম্যাচটা খেলবেন, তখন তাঁর কেমন লেগেছে? শুনুন তিয়ানির মুখেই, ‘দারুণ আনন্দিত। এখানে আসার আগে আমরা শুধু মেসিকেই চিনতাম, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার জন্য ম্যাচটি ভীষণ বিশেষ কিছু হতে চলেছে।’

আরও পড়ুন

তিয়ানির মতে, এই ম্যাচ নিয়ে প্রস্তুতির কিছু নেই। কারণ, এটা মেসির ম্যাচ।
আর্জেন্টিনার জার্সিতে যেহেতু মেসির শেষ ম্যাচ, তাই শেষ বাঁশি বাজার পর নিশ্চয়ই তাঁর জার্সি নিয়ে কাড়াকাড়ি পড়বে? তখন কী হবে! এই প্রশ্নের উত্তরে তিয়ানি বলেন, ‘জার্সিটা আমি রাখব। মায়ের নামে শপথ করে বলছি। আমি তাঁকে বলব, মেসি তোমাকে খুব ভালোবাসি। জার্সিটা আমাকে দাও প্লিজ।’

সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল শেষে গত আগস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি
এএফপি

ম্যাচটি খেলতে বেনিন ফুটবল দল ইতিমধ্যেই বুয়েনস এইরেসে পা রেখেছে। এই ম্যাচের আবহ নিয়ে তিয়ানি বলেন, ‘এটা ম্যাচ নয়, একটা উৎসব। উপভোগ করতে হবে।’