এসি মিলানকে বিশ্বসেরা বানানোর নেপথ্য নায়ক বের্লুসকোনির মৃত্যু

ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও এসি মিলানের সাবেক মালিক সিলভিও বের্লুসকোনি (১৯৩৬–২০২৩)ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও সিরি আ-র দল মোৎসার মালিক সিলভিও বের্লুসকোনি ৮৬ বছর বয়সে মারা গেছেন। বের্লুসকোনি সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের সাবেক মালিক।

আরও পড়ুন

লিউকেমিয়ায় ভোগায় গত শুক্রবার বের্লুসকোনিকে মিলানের সান রাফায়েলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিন সপ্তাহ আগে এই হাসপাতালে চিকিৎসার সময় জানা গিয়েছিল, বিরল ধরনের রক্তের ক্যানসারে ভুগছেন বের্লুসকোনি। এর পাশাপাশি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন বলে জানিয়েছে ইতালীয় সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গুইদো ক্রোসেত্তো টুইট করেছেন, ‘একটি যুগের অবসান... বিদায় সিলভিও।’

ইতালির তিনবারের প্রধানমন্ত্রী বের্লুসকোনিকে ফুটবলপ্রেমীরা মনে রাখবেন এসি মিলানের মালিক হিসেবে ক্লাবটিকে বিশ্বসেরায় পরিণত করার কারণে। ১৯৮৬ সালে বের্লুসকোনি মিলানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়ে ক্লাবটি কিনে নেন। তাঁর মালিকানায় কিংবদন্তি কোচ আরিগো সাচ্চি ও ফাবিও ক্যাপেলোর হাত ধরে ইউরোপের সেরা ক্লাব হয়ে ওঠে মিলান, তর্কযোগ্যভাবে বিশ্বের সেরাও।

নেদারল্যান্ডসের তিন কিংবদন্তি মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত ও ফ্রাঙ্ক রাইকার্ড ছিলেন তারকাখচিত সেই মিলানের সবচেয়ে জ্বলজ্বলে তিন নাম। এই তিন তারকা ও সাচ্চির হাত ধরে ১৮৮৯ ও ১৯৯০ সালে পরপর দুবার ইউরোপিয়ান কাপ জিতেছিল ক্লাবটি।

আরও পড়ুন

সাচ্চি ১৯৯১ সালে মিলান ছাড়ার পর ক্যাপেলোকে কোচ করে নিয়ে আসেন বের্লুসকোনি। ক্যাপেলোর হাত ধরে ১৯৯৪ চ্যাম্পিয়নস লিগ (ইউরোপিয়ান কাপ) জয় ছাড়াও তাঁর পাঁচ বছরের মেয়াদে টানা তিনবার সিরি ‘আ’ জিতেছে মিলান। ইতালীয় এই কোচের শেষ মৌসুমেও (৯৫-৯৬) লিগ জিতেছিল রোজনেরিরা।

২০০৭ চ্যাম্পিয়নস লিগজয়ী মিলান দলের সঙ্গে বের্লুসকোনি
ছবি: টুইটার

পরে ১৯৯৭ সালে ক্যাপেলোকে এক মৌসুমের জন্য ফিরিয়ে অবশ্য সাফল্য পাননি বের্লুসকোনি। তবে ক্যাপেলোর প্রথম মেয়াদে ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ৫৮ ম্যাচ অপরাজিত থেকে ‘ইনভিন্সিবল’ বাংলায় ‘অপরাজিত’ তকমা পেয়েছিল বের্লুসকোনির মিলান। তাঁর মালিকানায় ও সাচ্চির অধীনে আশির দশকের শেষটা ও ক্যাপেলোর আসার পর নব্বই দশকের শুরুতে ফুটবল–বিশ্বে ছড়ি ঘুরিয়েছে মিলান।

বের্লুসকোনি মালিক ও সভাপতি থাকাকালীন তাঁর ৩১ বছরের সময়ে ৫ বার ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগ (১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩ ও ২০০৭), ৮ বার সিরি ‘আ’সহ মোট ২৯টি শিরোপা জিতেছে মিলান।

আরও পড়ুন

২০১৭ সালে ৭৪ কোটি ইউরোয় রোজনেরি স্পোর্ট লুক্সেমবার্গ কনসোর্টিয়ামের কাছে মিলানকে বিক্রি করে দেন বের্লুসকোনি। কিন্তু ফুটবল থেকে দূরে থাকতে পারেননি। এক বছর পরই কিনে নেন তৃতীয় বিভাগের দল মোৎসা।

মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত ও ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গে বের্লুসকোনি। ট্রফি উঁচিয়ে ধরেছেন
ছবি: টুইটার

২০০৪ ও ২০১৫ সালে দেউলিয়া ঘোষিত হওয়া এই ক্লাবকে কিনে ২০২০ সালে সিরি ‘বি’-তে তুলে এনেছিলেন বের্লুসকোনি। ১৯ বছর পর ইতালির দ্বিতীয় বিভাগে উঠেছিল ক্লাবটি। কিন্তু চমকের আরও বাকি ছিল। গত বছর সিরি ‘আ’-তে উঠে আসে মোৎসা। এবার সিরি ‘আ’–তে ১১তম হয়ে মৌসুম শেষ করেছে ক্লাবটি।

আরও পড়ুন