রিয়ালকে ফেবারিট মেনেও তা ভুল প্রমাণের অপেক্ষায় ল্যাম্পার্ড

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ-চেলসি মুখোমুখি। ‘ব্লকবাস্টার’ এই ম্যাচে চেলসি নামছে বেশ খানিকটা পিছিয়ে থেকেই। তবে তাদের অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দলের ‘পিছিয়ে থাকা’টাকে আশীর্বাদই মনে করছেন।

আরও পড়ুন

কিছুদিন আগেই চেলসি প্রিমিয়ার লিগে ১-০ গোলে হেরেছে উলভসের কাছে। রিয়াল মাদ্রিদ যদিও লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হেরেছে, কিন্তু চেলসির ব্যাপারটি আলাদা। এ মৌসুমে টালমাটাল অবস্থায় পড়ে যাওয়া দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার অবস্থানে থাকার আশা আর করছে না। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ রিয়াল মাদ্রিদকে ভালোভাবেই চ্যালেঞ্জ জানাতে চায় চেলসি।

চেলসি নিজেদের কিংবদন্তিকে আবারও ডাগআউটে ফিরিয়েছে সম্প্রতি। ২ এপ্রিল কোচ গ্রাহাম পটারকে বিদায় করে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তারা ল্যাম্পার্ডর চেয়ে ভালো কাউকে পায়নি; যদিও ল্যাম্পার্ড স্টামফোর্ড ব্রিজে ফেরাটা উপভোগ করতে পারছেন না। তাঁর অধীন প্রথম ম্যাচেই উলভসের কাছে হেরে যাওয়ার খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন সাবেক ইংল্যান্ড ও চেলসি ফুটবলার। গোটা মৌসুমটাই অবশ্য চেলসির জন্য বিব্রতকর।

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা এবারের ইংলিশ লিগে ১১তম স্থানে আছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ল্যাম্পার্ড প্রিমিয়ার লিগের ব্যর্থতার ব্যাপারটি চ্যাম্পিয়নস লিগে টেনে না আনারই পক্ষে মত দিলেন, ‘দেখুন, ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। এখন এই মৌসুমে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যেখানে আমরা থাকতে চাই না।’

আরও পড়ুন
আরও পড়ুন

ল্যাম্পার্ড মনে করেন, লিগের খেলার মধ্যেই চ্যাম্পিয়নস লিগ যেকোনো দলকেই ভিন্ন কিছুর স্বাদ দেয়, ‘আমি মনে করি, চ্যাম্পিয়নস লিগ মৌসুমের একঘেয়েমির মধ্যে ভিন্ন কিছু। ভিন্ন গতির খেলা, নকআউট ফুটবল এসব ব্যাপারের কারণেই এক মৌসুমে একটি দলের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ধরনের ফল হতে পারে।’ ল্যাম্পার্ড আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদকেই ফেবারিট ভাবছেন, আর এতে তাঁর কোনো সমস্যা নেই বরং অনেক সুবিধাই আছে, ‘দুই ক্লাবের চাপ ভিন্ন। রিয়াল মাদ্রিদ কি ফেবারিট? অবশ্যই, তারাই ফেবারিট। এটাই সবাই বলছে, আমিও বলছি। কিন্তু ফুটবলে লোকজনকে ভুল প্রমাণ করার ব্যাপারটিই বোধ হয় সবচেয়ে মজার।’

আজকের ম্যাচটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন চেলসি কোচ, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি আসলে ম্যাচের চাপ নিয়ে চিন্তিত নই। চাপ থাকবেই। এ পর্যায়ের ফুটবলে চাপই সবকিছু। যে ফুটবলার বা দল চাপ নিতে পারবে না, তাঁর বা তাদের এ পর্যায়ের খেলার কোনো যোগ্যতাই নেই। তাদের বড় ক্লাব বা সেই খেলোয়াড়কে বড় খেলোয়াড় বলার কোনো মানে হয় না তখন।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচে নামার আগে চেলসির স্বস্তির জায়গা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটমুক্তি। থিয়াগো সিলভা, এনগোলা কান্তে কিংবা ম্যাসন মাউন্টের মতো খেলোয়াড়েরা চোট থেকে ফিরছেন। উলভসের বিপক্ষে ম্যাচে দলের বাইরে থাকার পর আজ রিয়ালের বিপক্ষে তাঁদের মাঠে নামার সম্ভাবনার কথাই বলেছেন কোচ ল্যাম্পার্ড, ‘তারা সবাই পুরোপুরি ফিট, সবাই স্কোয়াডে আছে। দুর্দান্ত সব খেলোয়াড়, তাদের নিয়েই আমরা এখানে এসেছি।’