আর্জেন্টিনার ফুটবলাররা ম্যাচের আগে ক্যান্ডি খান কেন
আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে দৃশ্যটা এখন মোটামুটি নিয়মিত। যা দেখা গেল গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও। লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পল খাচ্ছেন ক্যান্ডি। কিন্তু লিওনেল স্কালোনির দলে এই ক্যান্ডি খাওয়াটা কেন ম্যাচের একটা রেওয়াজই হয়ে গেছে?
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের নানান রকমের সংস্কার থাকে। কেউ বই পড়েন, কেউ গান শোনেন। আবার কেউ স্রেফ ‘কুসংস্কার’ থেকে করেন অন্য রকম কিছু।
আর্জেন্টিনা দলে ‘সুগুস’ নামের ক্যান্ডি খাওয়ার চলটা শুরু হয়েছে কোচ হিসেবে স্কালোনি আসার পর। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে পারেদেস জানিয়েছিলেন, তাঁরা শুধু যে ক্যান্ডি খান, তা–ই নয়, নির্দিষ্ট রঙের ক্যান্ডিটাই খেতে হবে। পারেদেস সব সময় সাতটি ক্যান্ডি বেছে নেন, যার মধ্যে চারটি নীল ও তিনটি হলুদ।
স্কালোনি নিজেও এই ক্যান্ডির ভক্ত। ম্যাচের আগে যা–ই করুন না কেন, ড্রেসিংরুমে সুগুস ক্যান্ডির ব্যাগ তাঁর জন্য থাকতেই হবে।
একবার স্কালোনি বলেছিলেন, ‘আমরা যখন লকার রুমে পৌঁছাই, সেখানে ক্যান্ডির একটা ব্যাগ থাকেই। আমার প্রিয় হলো লাল রঙের ক্যান্ডিটা; ম্যাচ শুরু হওয়ার আগে আমি একাই প্রায় ৪০টার মতো লাল ক্যান্ডি খেয়ে ফেলি! এখন আর্জেন্টিনা দলে সাপোর্ট স্টাফদের যাঁরা কিট ব্যাগের দায়িত্বে থাকেন, তাঁরা আগে নিশ্চিত করেন, ক্যান্ডির বক্স ঠিকঠাক আছে কি না।’
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেও পারেদেস ও দি পল যে ক্যান্ডি খেয়েছেন, সেটা নিশ্চিত করেছে আর্জেন্টিনা দৈনিক লা ন্যাসিওনাল। এখন আর্জেন্টিনা দলের মধ্যে এমন ভাবনাও নাকি ঢুকে গেছে যে এই ক্যান্ডি না খেলে ওই ম্যাচে তাদের খারাপ কিছু হবে!