রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে হাতাহাতি হয়েছিল আলভেজের

ব্যালন ডি’অর হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সিতে অন্যতম সফল খেলোয়াড়দের একজন দানি আলভেস। বার্সার দাপুটে হয়ে ওঠার পেছনে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে দারুণ অবদান ছিল আলভেজেরও। সে সময় রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার দ্বৈরথের উত্তাপটাও ছিল অন্য মাত্রার।

দুই দলের ম্যাচে হাতাহাতি ও সংঘর্ষও ছিল নিয়মিত ঘটনা। তবে এই হাতাহাতি ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের ড্রেসিংরুমে গিয়ে নাকি ঠেকেছিল। সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গিয়েছিলেন আলভেজ। কখনো প্রকাশ্যে না আসা ঘটনাটি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই।

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ঝগড়ার বিস্তারিত তুলে ধরেছেন আলভেজ। সাবেক এই বার্সা তারকা বলেছেন, ‘একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল, যা কখনো প্রকাশ্যে আসেনি।’

এক সময়ে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন দানি আলভেজ
ফাইল ছবি: এএফপি

এরপর সেই ঘটনা গিয়ে আলভেস আরও যোগ করেন, ‘ব্যালন ডি’অর অনুষ্ঠানের ড্রেসিংরুমে আমাদের মধ্যে হাতাহাতি হয়েছিল। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলাম। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথের কারণে সে আমাকে শুভেচ্ছা জানায়নি।’

এ ঘটনার পরও অবশ্য রোনালদোর প্রতি বিদ্বেষ ধরে রাখেননি আলভেজ। ‘সিআর সেভেন’-এর অর্জনকে সম্মান করেন জানিয়ে তিনি বলেছেন, ‘কীভাবে সেই মানুষটিকে সম্মান না করে পারি, যে কিনা কঠিন পরিশ্রমে এত কিছু অর্জন করেছে এবং নিজের মনপ্রাণ এখানে ঢেলে দিয়েছে? আমি ক্রিস্টিয়ানোকে (রোনালদো) ভালোবাসি। আমরা এখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে খেলি না। মনে হয় আমরা কথাও বলতে পারি।’

রোনালদোকে নিজের সঙ্গে তুলনা করে আলভেজ বলেন, ‘তার সঙ্গে আমার মিল পাই। কারণ, জীবনে আমি যা করেছি সবকিছুর ভিত্তি হচ্ছে পরিশ্রম। যদি আপনি খেলোয়াড় হিসেবে তুলনা করেন, তবে আমি লিওর (মেসি) চেয়ে (বেশি) ক্রিস্টিয়ানোর (রোনালদো) মতো হব।’

রিয়াল–বার্সা ম্যাচে হাতাহাতি ছিল নিয়মিত ঘটনা
ফাইল ছবি

লম্বা সময় মেসি–রোনালদো ভাগাভাগি করে ইউরোপীয় ফুটবলকে শাসন করেছেন। দুজন মিলে জিতেছেন ১২টি ব্যালন ডি’অর। মেসি জিতেছেন ৭টি ব্যালন ডি’র, আর রোনালদোর দখলে আছে ৫টি।

তবে রোনালদোকে পরিশ্রমী বললেও মেসিকে প্রকৃতিগতভাবেই প্রতিভাবান বলে মনে করেন আলভেজ, ‘সে (মেসি) ফুটবল খেলার প্রতিভা নিয়েই জন্মেছে। সে অন্য এক জগতের খেলোয়াড়, যেখানে আর কেউ পৌঁছাতে পারে না।’

আরও পড়ুন