রিয়াল কোচের কাঠগড়ায় রেফারি : লাল কার্ডে ‘ম্যাচটি শেষ হয়ে গেছে’

লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন কামাভিঙ্গাএএফপি

কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে উত্থান–পতনের দুর্দান্ত এক লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪–৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৬–৪) হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের বাঁকবদলের সময়টি ছিল ৮৬ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার দেখা লাল কার্ড। কামাভিঙ্গার বিদায়ের পরই ৮৯ মিনিটে তৃতীয় ও যোগ করা সময়ে চতুর্থ গোল হজম করে রিয়াল।

যার ফলে নিশ্চিত হয়ে যায় শেষ আট থেকে মাদ্রিদের ক্লাবটির বিদায়ও। এই হারে পরপর দুই মৌসুম ট্রফিহীনভাবে শেষ করার শঙ্কায়ও পড়ল রিয়াল। এখনো অবশ্য কাগজে–কলমে লা লিগা জয়ের সম্ভাবনা আছে রিয়ালের। যদিও সেখানে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

এমন বিদায়ে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া সরাসরি দায়ী করেছেন কামাভিঙ্গার লাল কার্ডকে। বলেছেন, রেফারির সেই সিদ্ধান্তই ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছে। এই ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।

কামাভিঙ্গা প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৭৯ মিনিটে। জামাল মুসিয়ালার জার্সি টেনে ধরার শাস্তি পান ফরাসি মিডফিল্ডার। ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সময় নষ্ট করার কারণে। বায়ার্ন তারকা হ্যারি কেইনকে ফাউল করার পর বল ধরে রেখে খেলা পুনরায় শুরু করতে দেরি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। ম্যাচের পর রেফারির এ সিদ্ধান্তের সমালোচনা করেন রিয়াল কোচ আরবেলোয়া।

আরও পড়ুন

টিএনটি স্পোর্টসকে আরবেলোয়া বলেন, ‘এ ধরনের ম্যাচে এমন ঘটনায় একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো অবিশ্বাস্য। আমরা খুবই হতাশ, খুব রাগান্বিত। এটা আমাদের মৌসুম নির্ধারণী ম্যাচ ছিল।’

রেফারির লাল কার্ডের সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন এমবাপ্পেরা
রয়টার্স

শুধু তা–ই নয়, মুভিস্টারকে আরবেলোয়া বলেন, ‘আমার মনে হয়, রেফারি জানতেনই না যে ওর আগে থেকেই একটি হলুদ কার্ড ছিল। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এতে একটি নকআউট ম্যাচ শেষ হয়ে গেছে। এমন একটি ম্যাচ, যা আমার মতে দারুণ সুন্দর ছিল, দারুণ গতিতে চলছিল, অসাধারণ মানের ছিল। সেখানেই ম্যাচের সমাপ্তি ঘটে।’

ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় জুড বেলিংহাম এ সিদ্ধান্তকে ‘রসিকতা’ বলে মন্তব্য করেন। আর আন্তোনিও রুডিগার বলেন, ‘আপনারা নিজেরাই পরিস্থিতি দেখেছেন, এ নিয়ে কিছু না বলাই ভালো।’

আরও পড়ুন

৮৯ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেওয়া লুইস দিয়াজ রেফারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর মতে, কামাভিঙ্গা বল ধরে রেখে স্বাগতিকদের দ্রুত আক্রমণ শুরু করতে বাধা দিয়েছিলেন। দিয়াজ বলেন, ‘আমার মনে হয়, রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আমরা দ্রুত ফ্রি-কিক নিতে চেয়েছিলাম, কিন্তু সে বল ছাড়েনি।’

রেফারির এ সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে ম্যাচ শেষে লাল কার্ড দেখেন রিয়ালের অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলেরও। কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোভেনিয়ান এই রেফারিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এর ফলে আগামী মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচে খেলতে পারবেন না গুলের।

এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো আসরের ট্রফি জয় ছাড়াই শেষ করার শঙ্কায় রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়ালের শিরোপা জয়ের আশাও খুব একটা নেই। ৭ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল।