রোনালদোকে অবসর নিতে বললেন সাবেক রিয়াল তারকা

ক্রিস্টিয়ানো রোনালদোরয়টার্স

থামা যাক এবার তবে! ক্রিস্টিয়ানো রোনালদো কি এমন কিছু ভাবছেন? আমাদের জানার উপায় নেই যদিও। রোনালদো নিজে অবশ্য কদিন আগে বলেছিলেন, ২০২৪ ইউরো পর্যন্ত খেলতে চান তিনি। তবে রোনালদোকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই।

ফুটবল–ভক্তদের অনেকে তো বটেই, ফুটবল বিশ্লেষকদেরও কেউ কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন পর্তুগিজ তারকাকে। যেখানে আছেন আন্তোনিও কাসানোও। সাবেক ইতালিয়ান এই ফরোয়ার্ড মনে করেন, নিজের প্রতি দয়া করে রোনালদোর উচিত অবসরে যাওয়া।

ক্লাব কিংবা জাতীয় দল, কোথাও নিজের সেরা ছন্দে নেই রোনালদো। ম্যাচের পর ম্যাচে গোল পাচ্ছেন না। জাতীয় দলে এখনো কোচের পছন্দের তালিকাতে থাকলেও ভিন্ন বার্তা দিচ্ছেন এরিক টেন হাগ।

পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে হারের পর
ছবি: টুইটার

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগে ৬ ম্যাচের মাত্র ১টিতে শুরুর একাদশে থেকে ৯০ মিনিট খেলানো হয়েছিল রোনালদোকে। ব্রেন্টফোর্ডের মাঠে সেই ম্যাচে ইউনাইটেড হেরেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। বাকি ম্যাচগুলোতে বদলি হিসেবে মাঠে নামলেও কোনো গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়েও একই অবস্থা রোনালদোর। নেশনস লিগের ম্যাচে অবশ্য ফার্নান্দো সান্তোস আস্থা রেখেছিলেন তাঁর ওপর। তবে মেলেনি আস্থার প্রতিদান। এমন পরিস্থিতিতে রোনালদোকে অবসর নেওয়ার পরামর্শই দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কাসানো।

৪০ বছর বয়সী কাসানো এক পডকাস্ট আলাপে বলেছেন, ‘এই পর্যায়ে ক্রিস্টিয়ানোর (রোনালদো) উচিত নিজেকে ভালোবাসা, নিজের প্রতি দয়া করা। বুঝতে হবে যে নির্দিষ্ট একটি পর্যায়ে যেতে না পারলে তার অবশ্যই ক্যারিয়ারের ইতি টানা উচিত। সে সবকিছু জিতেছে। সে দারুণ! তবে এখন অবসর নেওয়ার সময় হয়েছে। নয়তো কেবল বেঞ্চেই সময় কাটাতে হবে।’

ইতালির সাবেক ফুটবলার কাসানো।
ছবি: এএফপি

রোনালদোকে অবসরের পরামর্শ দিলেও তাঁর প্রতি শ্রদ্ধা আছে কাসানোর। যদিও খেলোয়াড় হিসেবে রোনালদোকে খুব একটা পছন্দ করেন না তিনি, ‘সিআর সেভেনের প্রতি আমার অনেক সম্মান আছে। তবে খেলোয়াড় হিসেবে আমি তাকে পছন্দ করি না। মেসি হচ্ছে ম্যারাডোনার মতো। ১৪ বছর বয়সে তাকে আর্জেন্টিনা ছাড়তে হয়েছিল এবং মারাত্মক শারীরিক সমস্যায় পড়তে হয়েছিল, যা তার ত্যাগের কথা বলে।’

এর আগে স্পেনের কাছে হেরে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পর্তুগাল। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। ম্যাচের পর থেকে পর্তুগিজ গণমাধ্যমেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে একটি সংবাদমাধ্যম শিরোনাম করেছিল, রোনালদো কম খেললেই পর্তুগালের লাভ।

আরও পড়ুন

এদিকে হতাশা কাটাতে কদিন আগে পেশাদার মনোবিদের শরণাপন্ন হয়েছিলেন রোনালদো। এবার আন্তর্জাতিক বিরতি শেষে ইউনাইটেডের হয়ে নতুন অভিযান শুরু করবেন, বিশ্বকাপের আগে এই সময়টা তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণও বটে। রোববার ইউনাইটেডের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন