মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল
বাংলাদেশের ফুটবলে কত গল্প! সোনালি দিনগুলোর সেই আনন্দ-বেদনার গল্পগুলো আজকের প্রজন্মের অনেকের কাছে হয়তো অজানা। এ দেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের তেমনই সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। সেখান থেকেই কিছু গল্প নিয়ে এই ধারাবাহিক আয়োজন। আজ পড়ুন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মোহামেডানের সাদা-কালো জার্সির মহাতারকা এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের খেলোয়াড়ি জীবনের গল্প।
মেজর হাফিজের বিয়েতে যখন মোহামেডান সমর্থক
বাহাত্তরের ১৭ আগস্ট তাঁর জীবনে বিয়ের ঢাকে কাঠি পড়ল, দিনটি আজীবন মনে রাখার জন্য এমনিতেই যথেষ্ট। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখলেন...।
কী দেখলেন, তা বলার আগে জানানো যাক পাত্রী সুনামগঞ্জের দিলারা হাফিজ। ইডেন কলেজের নবীন প্রভাষক। পারিবারিক বিয়ে। পাত্রীর ভাই মেজর ইকবাল জেনারেল এরশাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রখ্যাত ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বর্তমানে জাতীয় সংসদের স্পিকার) সেনাবাহিনীর একজন। অন্য সেনা অফিসাররা এই বিয়ে ঠিক করলেন। বিয়ে যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তখনো হাফিজের কাছে মনে হতো না। প্রেম-ট্রেম করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ক্লাসের আট মেয়ের কারও সঙ্গে সেভাবে নাকি কথাও বলতেন না। তাঁর নেশা খেলাধুলা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসে প্রবল ঝোঁক।
তবু বিয়ে করার জন্যই করা, তখন এমনই ভাবতেন। আরেকটি ব্যাপার ছিল, যেটি তাঁর নিজের ভাষায়, ‘হাস্যকর’। তখন ক্যান্টনমেন্টে অনেক বাড়িঘর খালি। বিয়ে করলে সবাই একটা করে বাড়ি পাওয়া, মানে থাকার সুব্যবস্থা। এই ভাবনাও বিয়ের দিকে কিঞ্চিৎ অনুপ্রাণিত করেছিল তাঁকে।
সেবার তাঁর দল মোহামেডান আলো ছড়াতে পারেনি ঢাকার ফুটবলে। তবে হাফিজ ভালো খেলছিলেন। বিয়ের আগের ম্যাচে তাঁর গোলেই জিতল মোহামেডান। ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান দৈনিক বাংলায় ম্যাচ রিপোর্ট লিখলেন। ‘হাফিজের গোলে মোহামেডানের জয়’। হাফিজের প্রশংসা করে রিপোর্টের শেষে জুড়ে দিলেন, ‘আগামী বৃহস্পতিবার ক্যাপ্টেন হাফিজের বিয়ে। এই গোলের মাধ্যমে বিয়েটাকে তিনি স্মরণীয় করে রাখলেন।’
বনানীর বাসায় বসে হাফিজের কণ্ঠে তাই শিহরণ, ‘আমার বন্ধু কামরুজ্জামানের সেই রিপোর্ট ছিল একেবারেই নির্দোষ। কিন্তু সেই রিপোর্টটির প্রতিক্রিয়ায় বিয়ের আসরে অন্য দৃশ্য। বৃহস্পতিবার সেনানিবাস থেকে আমরা বরযাত্রী রওনা হলাম। সেনাবাহিনী প্রধান এম এ জি ওসমানী, কে এম সফিউল্লাহ, জিয়াউর রহমান ও খালেদা জিয়া, খালেদ মোশাররফসহ সেনানিবাসের প্রায় সব অফিসারই।’ সেনাবাহিনীর আকার তখন বেশ ছোট। সদ্য স্বাধীন দেশ, সেনা অফিসাররা একে অন্যের প্রতি বেশ আন্তরিক। একসঙ্গে ৯ মাস যুদ্ধ করেছেন পথে-প্রান্তরে।
পূর্বাণী হোটেলে বরযাত্রীরা গিয়ে দেখলেন, বিয়ের মধ্যে অচেনা কিছু লোক। বরপক্ষ চেনে না, কনেপক্ষও নয়। কেউ একজন এসে বললেন, ‘আরে, এরা তো মোহামেডানের সাপোর্টার।’ ওই যে পত্রিকায় পড়েছে ক্যাপ্টেন হাফিজের বিয়ে! ওই সমর্থকেরা বললেন, ‘ক্যাপ্টেন সাহেব আমাদের হয়তো দাওয়াত দিতে পারেননি; কিন্তু তাঁর বিয়েতে আমরা থাকব না, এটা কী করে হয়। তিনি তো আমাদের প্রিয় খেলোয়াড়।’
সেই গল্প বলতে বলতে হাসেন হাফিজ, ‘ওই সাপোর্টারদের জন্য আমার আমন্ত্রিত ভিআইপি অতিথিদের কেউ কেউ খাবার পায়নি। পরে তাদের জন্য তাৎক্ষণিকভাবে ভাত-ডালের ব্যবস্থা করতে হয়েছে।’
সে সময় দল বেঁধেই সেনা অফিসাররা বিয়ে খেতে যেতেন নিমন্ত্রণের জন্য অপেক্ষা না করেই। মুক্তিযোদ্ধা সেনা অফিসাররা একে একে বিয়ের পিঁড়িতে বসা শুরু করেন স্বাধীনতার পরপর। সেনানিবাসের শহীদ আজিজ পল্লিতে থাকতেন তাঁরা। আনন্দময় সময়ই কাটত সবার।
খুদে ভক্ত ডেকে আনল পুলিশ
বাবা বরিশালে ডাক্তারি প্র্যাকটিস করেন। ডা. আজহার উদ্দিন আহমদ ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের উপনেতা। সংসদ সদস্য হয়েছেন তিনবার, সত্তরেও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বরিশালে স্থায়ীভাবে থাকতেন বলে সেখানেই ছেলের বউভাতের আয়োজন।
নবপরিণীতাকে নিয়ে সদরঘাট থেকে লঞ্চে বরিশালে যাবেন হাফিজ। তাঁর একটা পুরোনো ইসুজু গাড়ি ছিল, সদরঘাটে যেতে সেটিতে উঠলেন। সাধারণ পোশাকে আর্মির ড্রাইভার। সামনে শ্যালিকা, পেছনে হাফিজ ও মিসেস হাফিজ। নবাবপুর যাওয়ার পর হঠাৎ একটা রিকশা ডান দিকে বাঁক নেওয়ায় হাফিজের গাড়ির সঙ্গে একটু লেগে গেল।
রিকশার কয়েকটি স্পোক ভেঙে যাওয়ায় রিকশাওয়ালার তর্জন-গর্জন। সাধারণ লোকজন জড়ো হয়ে তাঁর পক্ষ নিয়েছে। বিয়ের পোশাক-টোশাক পরা হাফিজের জন্য বিব্রতকর ব্যাপার। রিকশাওয়ালাকে বললেন, ‘আমার তো স্টিমার ছেড়ে দেবে। তোমার যা ক্ষতি হয়েছে, বলো কত টাকা লাগবে ঠিক করতে। সে চাইল ২০০ টাকা। বললাম, তোমার ক্ষতি হয়েছে ১০ টাকা, আর চাইছ ২০০!’
ওদিকে ভিড় জমে গেছে। গাড়িতে এসি নেই, বেশ গরম। কাচ তুলে রিকশাওয়ালাকে বলেন, ‘তোমার তো ১০ টাকার মতো ক্ষতি হয়েছে, ঠিক আছে ৫০ টাকা দিয়ে দিই। কিন্তু রিকশাওয়ালার দাবি ২০০ টাকাই দিতে হবে।’
এমন দর-কষাকষির মধ্যেই চলে এল পুলিশ। মুহূর্তের মধ্যে সব ‘ঠান্ডা’। হাফিজকে দেখে পুলিশের স্যালুট, ‘স্যার, কী সমস্যা?’ রিকশাওয়ালা ভয়ে কাঁপছে। হাফিজ নিজেও অবাক, এমন মিরাকল ঘটনা কীভাবে হলো! বিস্ময়ের মধ্যেই দেখেন ১০-১২ বছরের একটা ছেলে পুলিশের পাশে দাঁড়িয়ে বলছে, ‘স্যার, আমি মোহামেডানের সাপোর্টার। আমিই পুলিশ নিয়ে এসেছি।’ পুলিশ দেখে তো রিকশাওয়ালা টাকা নেবে না। তার মুখে আকুতি, ‘স্যার, মাফ করে দেন...মাফ করে দেন...।’ শেষমেশ কিছু টাকা দিয়ে সদরঘাটের দিকে চলে গেলেন হাফিজ। কিন্তু তাঁর মনে গেঁথে রইল মোহামেডানের ওই সমর্থক ছেলেটির কথা।
ডাবল হ্যাটট্রিকের সেই স্মৃতি
ফায়ার সার্ভিস দলের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। ঢাকায় প্রথম খেলেন এই দলেই। সেদিন মাঠে ঢোকার পর ফায়ারের পরিচিত সব খেলোয়াড়ের মুখে অনুরোধের সুর, ‘হাফিজ ভাই, আপনার টিম এটা, বেশি গোল করবেন না।’ কিন্তু মোহামেডানের জার্সি গায়ে ফায়ারের জালে গোল উৎসব করলেন চুয়াত্তরে। ছয়-ছয়টি গোল! স্বাধীনতার পর ঢাকার শীর্ষ ফুটবল লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক!
মোহামেডানের নামী ফরোয়ার্ড সেদিন অন্য মেজাজে, ‘নেমেই হেলাফেলায় দুটি গোল হয়ে গেছে। ভাবলাম, এবার তো হ্যাটট্রিক করা যায়। সেই হ্যাটট্রিকও হয়ে গেল। ফায়ার সার্ভিসের ফুলব্যাক দুলাল বলছিল, “হাফিজ ভাই হ্যাটট্রিক হয়ে গেছে, প্লিজ আর আমাদের বক্সের আশপাশে আসবেন না।” আমিও ঠিক করলাম আর গোল–টোল দেব না।’
কিন্তু গোল হতে থাকল। রাইট আউটে যেতে একটা বল এল, সেটি না থামিয়েই বক্সের বাইরে থেকে পা চালিয়ে দিলেন। দুর্দান্ত এক গোল! হাফিজের চতুর্থ গোল ম্যাচে। ফায়ার সার্ভিসের খেলোয়াড়েরা এর-ওর মুখ চাওয়া-চাওয়ি করছেন। দুলাল বলছেন, ‘ভাই, এটা কী করলেন!’ হাফিজের উত্তর, ‘দেখ, আমি কিন্তু গোল হওয়ার জন্য মারিনি। কিন্তু হয়ে গেছে।’ এরপর এমন দুটি বল পেলেন, গোল হয়েই গেল। দিনটাই ছিল হাফিজের। এমন দিন কোনো ফরোয়ার্ডের জীবনে হয়তো আসেই না। হাফিজের জীবনে এসে তাঁকে রাঙিয়ে দিয়েছিল!
পাকিস্তান দলে খেলা এবং তাঁর অতৃপ্তি
সাতষট্টিতে পাকিস্তান দলে সুযোগ পেলেন একমাত্র বাঙালি হিসেবে। বাকিরা মাকরানি, মানে পাকিস্তানি। ওই বছর পাকিস্তান দল এশিয়ান কাপ খেলতে গেল রেঙ্গুনে। পাকিস্তানের জার্সি গায়ে তুলেছেন নবী চৌধুরী, প্রতাপ শংকর হাজরা। কবির, আশরাফ, মারী ছিলেন। দেবীনাশ সাংমা নামটাও আসছে। তেষট্টিতে পাকিস্তান প্রি-অলিম্পিক দলে ছিলেন দেবীনাশ। তাঁদের পর পাকিস্তান দলে সুযোগ পেলেন হাফিজ। কিন্তু স্বাধীনতার পর জাতীয় দলে সুযোগ মিলল না তাঁর!
এ নিয়ে তাঁর আছে বিস্তর ক্ষোভ ও আক্ষেপ, ‘তিয়াত্তরে মারদেকা টুর্নামেন্টের জন্য প্রথম জাতীয় দল গড়ার আগে লিগে তিন ম্যাচে ৭ গোল করেছি। তবু ডাক পেলাম না!’ ক্ষোভ ঝরে পড়ে হাফিজের কণ্ঠে, ‘পাকিস্তান দলে সাতষট্টি থেকে সত্তর পর্যন্ত নিয়মিত খেলোয়াড় ছিলাম, যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছি জীবন বাজি রেখে, অথচ স্বাধীনতার পর জাতীয় দলে সুযোগ না পাওয়া সারা জীবনের দুঃখই হয়ে থাকল আমার কাছে!’ এটা তাঁর খেলোয়াড়ি জীবনে বড় কষ্টের জায়গাও। নিজেই বলেন, ‘পঁচাত্তরে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন। সেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমি। তবু জাতীয় দলে সুযোগ পাইনি। ছিয়াত্তরে বছরের সর্বোচ্চ গোলদাতা, সেবার লিগে সেমিফাইনাল-ফাইনাল হয়। এ দুই ম্যাচে ৫ গোল করেছিলাম।’
পাকিস্তান দলে প্রতিটি পজিশনের জন্য ক্যাম্পে চারজন করে খেলোয়াড় ডাকা হতো, অর্থাৎ ৪৪ জন খেলোয়াড় ডাক পেতেন। সেই লড়াই পেরিয়ে হাফিজ থাকতেন একাদশে। সত্তরে শেষবার ইরানে খেলা, শেষ দুটি ম্যাচে মূল অধিনায়ক আহত থাকায় সহ-অধিনায়ক হাফিজ ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক।
এটা তাঁর পরিতৃপ্তির জায়গাও, ‘সৌদি আরবকে পাকিস্তান ৩ গোলে হারিয়েছে। সেই দলে ছিলাম। আমরা ইরাকের কাছে ২-১, তুরস্কের কাছে ৩-১ গোলে হেরেছি। বাষট্টির মারদেকা টুর্নামেন্টে এশিয়ার অন্যতম সেরা দল ছিল পাকিস্তান। ওই টুর্নামেন্টে দুর্ভাগ্যের ফেরে চ্যাম্পিয়ন নয়, পাকিস্তান রানার্সআপ।’
পাকিস্তান দলের হাফ ব্যাক গফুর, কালা গফুর নামে পরিচিত, স্টপার তোরাব আলী, লেফট আউট মুসা। এই তিনজন নিজ পজিশনে ছিলেন এশিয়ার সেরা। ছেষট্টির বিশ্বকাপে জার্মানির সহকারী কোচ ডেটমার ক্র্যামার এলেন পাকিস্তান দলের কোচ হয়ে। এটা সাতষট্টির কথা। মাস দুয়েক পাকিস্তান দলের সঙ্গে কাজ করেই ডেটমার ক্র্যামার বললেন, কালা গফুর, তোরাব আলী, মুসাদের জার্মান লিগে খেলার সামর্থ্য আছে। এটা শুনে তাঁরা তো বিস্মিত, ওহ মাই গড! তাঁদের পড়াশোনা ছিল না, ইংরেজি বুঝতেন না। দোভাষী হয়ে কাজ করতেন হাফিজ। জার্মানিতে যেতে হাফিজ তাঁদের উৎসাহিত করেছিলেন, কিন্তু তাঁরা ভয় পান। ঢাকা লিগে খেলে সামান্য টাকাপয়সা পান, ওতেই খুশি।
‘স্যার, আজ তো খেলা আছে, ছুটি দিলে যেতে পারি’
স্নাতক পরীক্ষায় ভালো করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ৭৫ টাকা স্কলারশিপ পেতেন হাফিজ। ইংল্যান্ডে স্টাফ কলেজে যাওয়ার সুযোগ হয়েছে। যশোর ক্যান্টনমেন্টে অনেক বাঙালি অফিসার ছিলেন। তিনিই একমাত্র বিদ্রোহ করে যুদ্ধে নেমেছেন। ২০০ সৈনিক নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে আট ঘণ্টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান আটষট্টিতে। প্রথমে লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন। সেনাবাহিনীতে সকাল ছয়টায় প্যারেড, সেটাতে হাজির থাকা চাই। ম্যাচের দিন শুধু খেলতে আসতেন। খেলা হতো বিকেলে।
বেলা দুইটা পর্যন্ত অফিস করে মোহামেডান থেকে পাঠানো গাড়িতে আসতেন ক্লাবে। খেলে ওই গাড়িতেই চলে যেতেন সেনানিবাসে। চুয়াত্তরে মোহামেডান-আবাহনী ম্যাচ। সেনাবাহিনীতে সেদিন তাঁর মৌখিক পদোন্নতি পরীক্ষা ছিল। ১২টার দিকে পরীক্ষা শেষে ঊর্ধ্বতন অফিসারকে বললেন, ‘স্যার, আজ তো খেলা আছে, ছুটি দিলে যেতে পারি।’ এদিকে হাফিজ মোহামেডান ক্লাবে পৌঁছাচ্ছেন না, চারদিকে রটে গেল তাঁকে আটকে রেখেছেন শেখ কামাল। আসলে তা নয়। শেষ পর্যন্ত অফিস থেকে ছুটি মিললই না এবং ওই ম্যাচে আর যেতেই পারেননি হাফিজ!
ছবিটা যত্ন করে রেখেছেন
ফিফা সব দেশেই শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়েছিল ১২ বছর আগে। বাংলাদেশের সেরা হিসেবে পুরস্কারটা পেলেন হাফিজ। ২০০৫ সালে ঢাকায় তৎকালীন ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মাম ‘ফিফা স্যান্টেনারি অ্যাওয়ার্ড’ তাঁর হাতে তুলে দেন। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি বাঁধাই করে রেখেছেন তাঁর বাসভবনের অফিস ঘরে। যেখানে খেলার মাঠের ছবি মাত্র একটি। মোহামেডানের জার্সি গায়ে মাঠে তোলা সেই ছবি দেখিয়ে বললেন, ‘অনেক ছবি ছিল। এখন আর নেই। এই ছবিটিই আছে, তাই যত্ন করে রেখেছি।’
তৃপ্তি
নিজেই বললেন, ‘মোহামেডান-আবাহনী ম্যাচ খেলেছি ১০টি। গোল করেছি সাতটি। তখনকার দিনে এটা বড় কৃতিত্বই বলব। কারণ, এই একটি ম্যাচের দিকে নজর থাকত গোটা বাংলাদেশের। পতাকায় ছেয়ে যেত চারদিক।’ ’৭৪-’৭৮ পর্যন্ত টানা পাঁচ বছর আবাহনীর বিপক্ষে গোল করেছিলেন। ’৭৫ সালে মোহামেডান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনীকে। সেই ম্যাচে গোল আছে হাফিজের। আর ওই গোলটাকে ঢাকা মাঠে নিজের সেরা গোল বলেন এই স্ট্রাইকার। নিজেদের অর্ধ থেকে দৌড় শুরু করেন।
আবাহনীর দুজন তাঁর পেছনে ছিলেন। কিন্তু আবাহনীর কেউ তাঁকে ধরতে পারেননি। ‘...এরপর বাকি কাজটা করেছি ঠান্ডা মাথায়। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেছি।’ পেছনে তাকিয়ে রোমাঞ্চিত হাফিজ। ’৭৬ লিগের সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে তাঁর হ্যাটট্রিকে মোহামেডানের জয় ৩ গোলে। ফাইনালে আবাহনীর জালে ২ গোল। সফল একটা লিগ ছিল তাঁর জন্য। এই লিগে চ্যাম্পিয়ন সাদা–কালোর অধিনায়ক এবং সর্বোচ্চ গোলদাতার নাম মেজর হাফিজ।
দেশের গণ্ডি পেরিয়ে
’৮০–তে মোহামেডানের ম্যানেজার হয়েছেন। ’৮২-তে বাফুফের সাধারণ সম্পাদক। ’৮৬-তে দায়িত্ব নেন বাফুফের সভাপতি হিসেবে। এএফসির নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, পরে সহসভাপতি। ’৯৪ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ মাদক নেওয়ার দায়ে বহিষ্কার করা হয়, তখন হাফিজ ছিলেন ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে। ছয় মহাদেশের ছয় প্রতিনিধির মধ্যে এশিয়া থেকে হাফিজ।
সেই লাল কার্ড
’৭৭ লিগে পিডব্লিউডির বিপক্ষে মোহামেডান এক গোলে হারছিল। এমন সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় হাফিজকে বাজেভাবে মারেন। উঠে দাঁড়িয়ে হাফিজ ওই খেলোয়াড়ের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলেন, ‘এই ব্যাটা, এমন ফাউল করলি কেন?’ এরপর রেফারি দলিল খান হাফিজকে দেখিয়ে দিলেন লাল কার্ড। ফুটবল মাঠে খুব একটা ফাউল করতেন না হাফিজ। ‘কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে ওভাবে লাল কার্ড দেখানোয় মেজাজটা বিগড়ে যায় আমার। এতটাই যে জার্সি খুলে ছুড়ে মারলাম রেফারির মুখে। কাজটি ঠিক হয়নি। ওই ঘটনার জন্য আমি দুঃখিত।’ -পেছনে তাকিয়ে বলেন হাফিজ।
তাঁর জীবনে তিনটি ক্যারিয়ার। সেনাবাহিনী, ফুটবল ও রাজনীতি। সেনাবাহিনীর ক্যারিয়ার নিয়ে নিজেকে সবচেয়ে বেশি গর্বিত ভাবেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, এটি তাঁর জীবনে বড় এক অধ্যায়। নিজে মনে করেন, শুধু ফুটবল খেললে বাংলাদেশে সেরা ফুটবলার হিসেবে অনেক এগিয়ে থাকতেন। জীবনে আক্ষেপও আছে। দুঃখজনকভাবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া। স্বাধীন দেশের জাতীয় দলে খেলতে না পারার হতাশাও অনেক। অনেক পাওয়ার ভিড়েও নিজেকে তাই দুর্ভাগাও ভাবেন।
