ওয়েইন রুনি তাহলে জানতেন, এমন কিছুই করবেন আর্লিং হলান্ড। কারও কারও সন্দেহ ছিল বৈকি। কিন্তু রুনির সন্দেহ ছিল না একেবারেই। আর ছিল না বলেই হয়তো একেবারে পত্রিকায় কলাম লিখে ঘোষণা দিয়েছেন, প্রিমিয়ার লিগে রাজত্ব করবেন আর্লিং হলান্ড। গতকাল রোববার ম্যানচেস্টার সিটির হয়ে লিগ অভিষেকেই ওয়েস্ট হামের বিপক্ষে জোড়া গোল করে হলান্ডও যেন জানান দিলেন, রুনির ভবিষ্যদ্বাণী ভুল হওয়ার সম্ভাবনা কম।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ ওয়েইন রুনির কলামটা প্রকাশিত হয়েছে ৬ আগস্ট, শনিবার। খুব স্বাভাবিকভাবেই পরদিন ওয়েস্ট হামের বিপক্ষে সিটির ম্যাচের ফল তাঁর জানার কথা নয়। কিন্তু ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে। নিজেও স্ট্রাইকার ছিলেন। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলের হয়েই সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিকও। এমন একজনের চোখ কি অন্য একজন জাত স্ট্রাইকারকে চিনতে ভুল করে! হলান্ডকেও চিনতে ভুল হয়নি বলে এখন দাবি করতেই পারেন রুনি।
আসলে হলান্ডের গোল করার দক্ষতা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন খুবই কম। তবে মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ড ম্যাচে লিভারপুলের বিপক্ষে হলান্ডকে একাধিক সুযোগ নষ্ট করতে দেখে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সালজবুর্গ আর ডর্টমুন্ডের হয়ে গোলের পর গোল করে এসেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। কিন্তু অস্ট্রিয়ান লিগ আর বুন্দেসলিগার তুলনায় প্রিমিয়ার লিগে গোল করা যে এত সহজ হবে না, সেটাই তাঁকে মনে করিয়ে দিয়েছেন অনেকে। কমিউনিটি শিল্ডে ওই ম্যাচটাও লিভারপুলের কাছে সিটি হেরেছে ৩-১ গোলে।
তবে শুধু ওই ম্যাচে গোলের সুযোগ নষ্ট করা দেখে হলান্ডকে বিচার করতে রাজি নন রুনি। টাইমসের কলামে সাবেক ইউনাইটেড স্ট্রাইকার লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটির নিন্দুকেরা কমিউনিটি শিল্ডে আর্লিং হলান্ডকে গোল করতে ব্যর্থ হতে দেখাটা উপভোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মিসগুলো বারবার দেখানো হয়েছে এবং তার বাজে শুরু নিয়েও অনেক শিরোনাম করা হয়েছে। আমি ম্যাচটা একটু অন্যভাবে দেখেছি। আমি দেখেছি, বড় অঙ্ক দিয়ে কেনা সিটির এই খেলোয়াড় নিশ্চিত করেছে, কেন সে ইংল্যান্ডে অনেক গোল পেতে যাচ্ছে, এবং পাবে। আমার মতে, সে-ই শিরোপার লড়াইয়ে ব্যবধান গড়ে দেবে।’
প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই গত কয়েক মৌসুম ধরেই মূলত সিটি আর লিভারপুলের মধ্যে। হলান্ডকে নিয়ে তাই বড় দুশ্চিন্তাটা লিভারপুলেরই হওয়া উচিত বলে মত রুনির, ‘মূলত ওর কারণেই আমি মনে করি, সিটি এবারও শিরোপা ধরে রাখবে। লিভারপুল অসাধারণ দল, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারে। কিন্তু তুলনামূলকভাবে সিটির খেলোয়াড়রা ভালো, দলটাও ভালো।’
আমার বিশ্বাস, হলান্ড সফল হবে। সে সিটিকে আরও ভালো দল বানাবে, লিভারপুলের চেয়ে আরেকটু এগিয়ে দেবে। যদি তার শুরুটা ভালো হয়, এক দিন সে প্রিমিয়ার লিগের মহাতারকা হবে।ওয়েইন রুনি
সালজবুর্গ আর ডর্টমুন্ডের হয়ে হলান্ড যেভাবে গোলের পর গোল করে গেছেন, সেটাতে সিটিতেও সম্ভব, এমনকি আরও বেশি করাও সম্ভব বলে মনে করেন রুনি, ‘ওর বয়স মাত্র ২২ বছর, এরই মধ্যে ২২২ ম্যাচে ১৭৫ গোল হয়ে গেছে (ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত। সিটি যত সুযোগ তৈরি করে প্রতি ম্যাচে, সেটা মাথায় রেখে বলতে পারি, হলান্ডের সামর্থ্য আছে ইংল্যান্ডে প্রতি ম্যাচেই গোল করার এবং এই মৌসুমের গোল্ডেন বুট জেতার।’
শুধু এই মৌসুম নয়, প্রিমিয়ার লিগে হলান্ডের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী রুনি, ‘আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি, অনেক আশা জাগিয়ে প্রিমিয়ার লিগে আসতে এবং এবং পরে ব্যর্থ হতে। কিন্তু আমার বিশ্বাস, হলান্ড সফল হবে। সে সিটিকে আরও ভালো দল বানাবে, লিভারপুলের চেয়ে আরেকটু এগিয়ে দেবে। যদি তার শুরুটা ভালো হয়, এক দিন সে প্রিমিয়ার লিগের মহাতারকা হবে।’
সেই ভালো শুরুটা তো হলান্ড গত রাতেই পেয়ে গেছেন। এখন তাহলে নতুন এক মহাতারকাকে দেখার অপেক্ষায় প্রিমিয়ার লিগ!