রোনালদো কি সত্যিই আল নাসরের ম্যাচ বয়কট করবেন

আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোএক্স

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর ক্লাব আল নাসরের সম্পর্কটা কি তবে তেতো হতে শুরু করেছে? গুঞ্জন অন্তত সেদিকেই ইশারা দিচ্ছে। সৌদি প্রো লিগে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আল রিয়াদের মুখোমুখি হবে আল নাসর। কিন্তু পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র খবর, এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘সিআর সেভেন’।

শুরুতে শোনা গিয়েছিল, আগামী শুক্রবার চ্যাম্পিয়ন ইতিহাদের বিপক্ষে বড় ম্যাচের আগে শরীরকে বিশ্রাম দিতে রিয়াদের বিপক্ষে ম্যাচে থাকছেন না ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে ভেতরের খবর অন্য। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ডের না খেলার পেছনে কোনো শারীরিক সমস্যা নেই; বরং কারণটা পুরোপুরি অন্য।

আরও পড়ুন

আল নাসরের একটি সূত্র ‘আ বোলা’-কে জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো। পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

দলের অধিনায়ক হিসেবে রোনালদোর মূল ক্ষোভ বিনিয়োগ নিয়ে। জর্জ জেসুসের কোচিংয়ে থাকা আল নাসর নতুন কোনো ভালো খেলোয়াড় পাচ্ছে না। অথচ এই শীতকালীন দলবদলের বাজারে তারা দলে টেনেছে মাত্র একজন খেলোয়াড়কে—ইরাক থেকে আসা ২১ বছর বয়সী মিডফিল্ডার হায়দার আবদুল করিম।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর বেজায় চটেছেন রোনালদো
ফেসবুক/রোনালদো

আল নাসরের প্রশাসনিক কাঠামোতে দুই পর্তুগিজ কর্মকর্তা সিমাও কুতিনিও (স্পোর্টিং ডিরেক্টর) ও জোসে সেমেদো (সিইও) থাকলেও চলতি মাসের শুরু থেকে তাঁদের ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হয়েছে। বোর্ডের এ সিদ্ধান্তে রোনালদোর অসন্তোষ আরও বেড়েছে। তাঁর মতে, আল হিলালের তুলনায় আল নাসর দলবদলের বাজারে ভীষণ পিছিয়ে আছে। যেমন আল হিলাল ফিওরেন্তিনা থেকে পাবলো মারিকে নিয়েছে, আবার তিন কোটি ইউরো খরচ করে রেন থেকে তরুণ ফরাসি ফরোয়ার্ড কাদের মেইতকেও দলে ভেড়াচ্ছে।

আরও পড়ুন

এখানেই শেষ নয়। করিম বেনজেমা আল ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিতে পারেন—এমন খবর চাউর হওয়ার পর রোনালদোর মেজাজ আরও বিগড়েছে। ওদিকে ইতালিয়ান কোচ সিমোন ইনজাগির দল আল হিলাল ৩০ মিলিয়ন ইউরো খরচ করে সাইমন বুয়াব্রেকেও উড়িয়ে আনছে।
রোনালদোর এই ‘বয়কট’ অবশ্য আল নাসরের অন্দরমহলের অস্থিরতার প্রথম উদাহরণ নয়। জানুয়ারির মাঝামাঝিতে কোচ জেসুস সরাসরি বলেছিলেন, ‘আল নাসরের রাজনৈতিক ক্ষমতা আল হিলালের মতো অতটা নয়।’ এ মন্তব্যের জেরে জেসুসকে ছয় মাস থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার আবেদনও করেছিল আল হিলাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন